শিলিগুড়ি: রোমানিয়ার ক্লুজ নাপোকাতে আয়োজিত বিশ্ব যুব টেবিল টেনিসে অনূর্ধ্ব-১৯ ছেলেদের দলগত বিভাগে রুপো জিতল শিলিগুড়ির পুনিত বিশ্বাস সমৃদ্ধ ভারতীয় দল। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ ছেলেদের দলগত বিভাগে ভারতের এটাই প্রথম পদক। ফাইনালে ভারত ০-৩ ব্যবধানে জাপানের বিরুদ্ধে হেরেছে। সেমিফাইনালে ভারত ৩-২ ব্যবধানে চাইনিজ তাইপে-কে হারিয়েছিল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় আসে ভারতের। প্রতিযোগিতায় ভারতের অঙ্কুর ভট্টাচার্য, অভিনন্দ প্রধিবাধি, প্রিয়ানুজ ভট্টাচার্যরা দুরন্ত ছন্দে থাকায় পুনিতের টেবিল টেনিস ব্যাট হাতে বোর্ডে নামার প্রয়োজন হয়নি। তবে ডাগআউট থেকে নাগাড়ে দলকে সমর্থন করে গিয়েছে পুনিত। রুপোজয়ী দলের সদস্য হয়ে পুনিত বলেছে, ‘এটা আমােদর জন্য বিরাট সাফল্য। এই ধরনের প্রতিযোগিতায় প্রতিটি দলই ভালো। আমরা সব দলকেই সমান গুরুত্ব দিয়েছিলাম। তাই এই পদক এসেছে। আমি ও আমার বাবা-মা খুব খুশি।’
পুনিত কলকাতায় শুভজিৎ সাহার কাছে প্রশিক্ষণ নেয়। ছাত্রের সাফল্যে উচ্ছ্বসিত শুভজিৎ বলেছেন, ‘পুনিতের কোচ হিসেবে আমি খুব খুশি। এখান থেকে ও অনেককিছু শেখার সুযোগ পেল। সামনেই ন্যাশনালস রয়েছে। এখানকার অভিজ্ঞতা পুনিতকে আগামীদিনে আরও ভালো খেলতে সাহায্য করবে।’ শিলিগুড়িতে রেইনবো টেবিল টেনিস কোচিং সেন্টারে বিরূপাক্ষ সাহার কাছে অনুশীলন করে পুনিত। বিরূপাক্ষ বলেছেন, ‘পুনিত প্রথমবার বিশ্ব যুব টিটি-তে নেমে রুপোজয়ী দলের সদস্য হল। এটা ওর জন্য দুর্দান্ত সাফল্য। এই প্রতিযোগিতা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা ওকে ভবিষ্যতে আরও সাফল্য এনে দেবে।’
The submit World Youth Table Tennis Championship | জাপানের কাছে পরাজয়, বিশ্ব যুব টিটি-তে রুপো জয় পুনিতদের appeared first on Uttarbanga Sambad.
