উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিয়ে দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Courtroom) তীব্র ভর্ৎসনার মুখে পড়ল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াট্সঅ্যাপ (Whats App)। মঙ্গলবার এক মামলার শুনানিতে সংস্থাটির নিয়ন্ত্রক মেটা-র (Meta) উদ্দেশে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ‘আপনারা নাগরিকদের গোপনীয়তা নিয়ে খেলা করতে পারেন না। এ দেশের সংবিধান মেনে চলতে না পারলে ভারত ছেড়ে চলে যান।’
২০২১ সালের হোয়াট্সঅ্যাপের গোপনীয়তা সংক্রান্ত নীতি নিয়ে চলা মামলার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়। মেটার আইনজীবীরা আন্তর্জাতিক নিয়মের দোহাই দিলেও আদালত তা খারিজ করে দেয়। শীর্ষ আদালত সাফ জানায়, বাণিজ্যিক স্বার্থে বা অভ্যন্তরীণ আদানপ্রদানের নামে ভারতীয় ব্যবহারকারীদের তথ্য ফাঁস করতে দেওয়া হবে না। ইউরোপের তুলনায় ভারতের গোপনীয়তা নীতি যে অনেক বেশি কঠোর, তাও মনে করিয়ে দেয় আদালত।
কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, হোয়াট্সঅ্যাপ তাদের গোপনীয়তা নীতির অপব্যবহার করে বাণিজ্যিক লাভ করছে। প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, হোয়াট্সঅ্যাপের এই জটিল নীতিগুলো কি একজন সাধারণ আঞ্চলিক ভাষার মানুষ বুঝতে পারেন? তথ্যের সুরক্ষা নিয়ে অস্পষ্টতার কারণেই এই ক্ষোভ প্রকাশ করে আদালত।
সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত মেটার মাধ্যমে হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীর কোনও তথ্য প্রকাশ্যে আনা যাবে না। একই সঙ্গে তথ্যের গোপনীয়তা রক্ষা নিয়ে মেটা ও হোয়াট্সঅ্যাপ কর্তৃপক্ষকে বিস্তারিত বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
