উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা শেষে ২৮ ফেব্রুয়ারি বিকেলে প্রকাশিত হয়েছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা (West Bengal SIR)। এর আগে খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। আর এবার প্রথম দফার চূড়ান্ত তালিকা (Ultimate Voter Record) থেকে আরও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন (Election Fee)। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়লেন মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন। শনিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের ভোটার তালিকা সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।
বর্তমানে রাজ্যে মোট যোগ্য ভোটার সংখ্যা রয়েছেন ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। প্রথম দফায় চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জন। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। এছাড়াও এখনও বিবেচনাধীন ভোটার রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকেরা এই ভোটারদের নথি খতিয়ে দেখছেন। ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই তালিকা থেকে আরও নাম বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। এরপর ধাপে ধাপে প্রকাশিত হবে অতিরিক্ত ভোটার তালিকা।
একাধিক রাজনৈতিক দল এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল স্বীকার করে নিয়েছেন যে, প্রক্রিয়ায় ‘কিছু ভুলভ্রান্তি’ হয়েছে, তবে বিশাল কর্মযজ্ঞের তুলনায় তা সামান্য। তিনি জানান, সফটওয়্যার সমস্যার কারণে যাদবপুর ও বিধাননগর বিধানসভার তালিকা আপলোডে কিছুটা দেরি হলেও এখন অনলাইনের মাধ্যমে ভোটাররা তাদের এপিক (EPIC) নম্বর দিয়ে বর্তমান স্থিতি যাচাই করতে পারবেন। কমিশনের পোর্টালে ভোটারদের নামের পাশে ‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ বা ‘বিচারাধীন’ শব্দগুলি লিখে বর্তমান অবস্থা স্পষ্ট করা হয়েছে।
