উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলল নির্বাচন কমিশন (West Bengal Closing Voter Listing)। সুপ্রিম কোর্টের নির্দেশিত এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া শেষে শনিবার প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। মোট ভোটারদের নামকে তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করে প্রকাশ করা হবে এবারের তালিকা— ‘অ্যাপ্রুভড’ (Authorised), ‘ডিলিটেড’ (Deleted) এবং ‘নিষ্পত্তি হয়নি’ (Beneath Adjudication)।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান ভোটার সংখ্যা প্রায় ৭ কোটি ৮ লক্ষ। যার মধ্যে প্রায় ৬০ লক্ষ নামের নিষ্পত্তি এখনও বাকি। বাকি থাকা ৬ কোটি ৪৮ লক্ষের মধ্যে ইতিমধ্যেই ৬ লক্ষেরও বেশি অবৈধ ভোটারের নাম শনাক্ত করা হয়েছে, যা চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ বা বাদ যাওয়া ভোটারের বিভাগে থাকবে। অন্যদিকে, নতুন করে আবেদন জানানো ১ লক্ষ ২০ হাজার ভোটারের নাম সরাসরি ‘অ্যাপ্রুভড’ তালিকায় জায়গা করে নিয়েছে।
কীভাবে যাচাই করবেন নিজের নাম? শনিবার দুপুরের মধ্যেই নির্বাচন কমিশনের ওয়েবসাইট (eci.gov.in) এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে (ceowestbengal.wb.gov.in) তালিকা আপলোড করা হবে। ভোটাররা তাঁদের এপিক (EPIC) নম্বর দিয়ে সহজেই নাম পরীক্ষা করতে পারবেন। এ ছাড়াও প্রতিটি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট এবং ‘ইসি নেট’ অ্যাপে এই তথ্য মিলবে। যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁরা নিজ নিজ এলাকার বিএলও-র (BLO) কাছে গিয়ে হার্ড কপিতে নাম দেখে নিতে পারবেন।
রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা ‘Beneath Adjudication’ বিভাগে থাকা নিয়ে উত্তপ্ত হতে পারে রাজ্য রাজনীতি। তবে কমিশনের দাবি, সম্পূর্ণ নিরপেক্ষ ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই স্ক্রুটিনি করা হয়েছে। বিকেলের মধ্যেই সব স্বীকৃত রাজনৈতিক দলের হাতে এই তালিকার সফট কপি তুলে দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে যাঁদের যাচাই সম্পূর্ণ হবে, তাঁদের নাম ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকায় প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন। তবে সেই অতিরিক্ত তালিকা কবে বেরোবে, বা কত দফায় প্রকাশ পাবে, তা এখনও স্পষ্ট নয়।
