উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট ঘোষণার প্রাক্কালে দেওয়া প্রতিশ্রুতি মতো সোমবার নবান্নের অর্থ দপ্তর রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানো সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রক্ষিতে রাজ্য সরকার জানিয়েছে, আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ধাপে ধাপে বকেয়া (Arrear Fee) মেটানো হবে। তবে এই ঘোষণাকে ‘আইওয়াশ’ বা ‘ভাঁওতা’ বলে সরব হয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখনই সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হচ্ছে না। প্রথম পর্যায়ে জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বকেয়া অর্থ দেওয়া হবে দুটি সমান কিস্তিতে। প্রথম কিস্তি মিলবে চলতি বছরের মার্চ মাসে এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হবে সেপ্টেম্বরে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স’ (AICPI Index) অনুযায়ী এই বকেয়া গণনা করা হবে। Group A, B এবং C এই তিন বিভাগের কর্মীদের বকেয়া টাকা সরাসরি তাঁদের GPF (জেনারেল প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্টে জমা হবে। চতুর্থ শ্রেণির কর্মী এবং পেনশনভোগীরা তাঁদের বকেয়া টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ হিসেবে পাবেন।
নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাঁরা ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে কর্মরত ছিলেন কিন্তু বর্তমানে চাকরি ছেড়েছেন, তাঁরাও আবেদন সাপেক্ষে বকেয়া পাবেন। কর্মরত অবস্থায় কোনও কর্মীর মৃত্যু হয়ে থাকলে তাঁর বৈধ উত্তরাধিকারী বা নমিনি এই টাকা পাওয়ার অধিকারী হবেন। তবে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর বিষয়ে এখনই কোনও দিশা দেখায়নি সরকার; জানানো হয়েছে সেই বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
