Wall Graffiti Controversy | ‘বাংলা’ হয়ে গেল ‘বোংলা’! রায়গঞ্জে বামেদের দেওয়াল লিখন বিকৃত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Wall Graffiti Controversy | ‘বাংলা’ হয়ে গেল ‘বোংলা’! রায়গঞ্জে বামেদের দেওয়াল লিখন বিকৃত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

শিক্ষা
Spread the love


রায়গঞ্জ: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, তবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জুড়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল দখলের লড়াই। আর সেই লড়াই ঘিরেই এবার শুরু হলো নতুন বিতর্ক। রায়গঞ্জ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বীরনগর এলাকায় সিপিএমের নির্বাচনী দেওয়াল লিখন বিকৃত (Wall Graffiti Controversy) করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

বীরনগর এলাকার একটি দেওয়ালে সিপিএমের পক্ষ থেকে লেখা হয়েছিল— “বাংলা আমার, বাংলা তোমার, আনো ফিরিয়ে সাতাত্তর।” অভিযোগ, রাতের অন্ধকারে সেই লেখার ওপর তুলি চালিয়ে ‘বাংলা’ শব্দটিকে ‘বোংলা’ এবং ‘তোমার’ শব্দটিকে ‘তোমারা’ করে দেওয়া হয়েছে। সিপিএমের রায়গঞ্জ টাউন এরিয়া কমিটির সদস্য শান্তনু অধিকারীর দাবি, তৃণমূল কর্মীরাই এই কাজ করেছেন এবং সেই বিকৃত ছবির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন। তাঁর বক্তব্য, “দীর্ঘ ২৫ বছর পর এবার রায়গঞ্জ আসনে এককভাবে প্রার্থী দিচ্ছে বামেরা। আমাদের এই উত্থান দেখে তৃণমূল ভয় পেয়েছে, তাই দেওয়াল বিকৃত করে আমাদের দমানোর চেষ্টা চলছে।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ শহর সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী। তিনি বলেন, “ওই ওয়ার্ডে আমাদেরও দেওয়াল লিখন রয়েছে। তৃণমূল কেন অন্যের দেওয়াল বিকৃত করতে যাবে? এর কোনও প্রমাণ নেই। পরাজয় নিশ্চিত জেনেই সিপিএম এখন মিথ্যে নাটক করছে।” তিনি আরও হুঁশিয়ারি দেন যে, ভবিষ্যতে এভাবে ভিত্তিহীন অভিযোগ তোলা হলে তৃণমূল আইনি পদক্ষেপ নেবে।

নির্বাচনী বৈতরণী পার হতে দেওয়াল লিখনের এই ‘বানান বিকৃতি’ বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। তবে বীরনগর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যেই চাপা উত্তেজনা বিরাজ করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *