রাজা বন্দ্যোপাধ্যায়, রানিগঞ্জ: রাজ্যজুড়ে যখন ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৎপরতা তুঙ্গে, ঠিক সেই সময়েই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে (Voter ID Present in Raniganj) দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। বৃহস্পতিবার রানিগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় একটি ম্যারেজ হলের সামনের ডাস্টবিন থেকে উদ্ধার হলো প্রচুর সচিত্র পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড। এই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশাসনের ভূমিকা ও সরকারি নথির নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ডাস্টবিনের আবর্জনার মধ্যে চকচকে নতুন রঙিন কার্ডের পাশাপাশি বেশকিছু পুরোনো সাদা-কালো ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। রানিগঞ্জের (Raniganj) চুড়িপট্টি, সাহেবগঞ্জ এবং নবী নগর এলাকার বাসিন্দাদের নাম ও ছবি সংবলিত এই কার্ডগুলো উদ্ধার হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে রানিগঞ্জ থানার পুলিশ দ্রুত পৌঁছায় এবং প্রাথমিকভাবে ২৩-২৪টি কার্ড উদ্ধার করে। তবে স্থানীয়দের দাবি, ডাস্টবিনটি ভালো করে পরিষ্কার করলে আরও অনেক কার্ড মিলতে পারে।
প্রশ্ন উঠছে প্রশাসনিক সুরক্ষা নিয়ে
আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা। তার ঠিক দু’দিন আগে এভাবে গুরুত্বপূর্ণ সরকারি নথি ডাস্টবিনে পাওয়া যাওয়াকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ বাসিন্দারা। তাঁদের মতে, নতুন কার্ড পাওয়ার পর যদি কেউ পুরোনো কার্ড জমা দিয়ে থাকেন, তবে তা নষ্ট করার একটি নির্দিষ্ট সরকারি পদ্ধতি বা ‘ডিসপোজাল প্রোটোকল’ থাকা উচিত। বিডিও অফিস বা কোনও সুরক্ষিত জায়গায় যা হওয়ার কথা, তা কেন প্রকাশ্য ডাস্টবিনে ফেলা হলো, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।
তদন্তের আশ্বাস প্রশাসনের
এই ঘটনায় রানিগঞ্জ ব্লক প্রশাসন বা বিডিও অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে এবং কার গাফিলতিতে এই কার্ডগুলো ডাস্টবিনে পৌঁছাল, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। তবে স্পর্শকাতর এই সময়ে নাগরিকদের আসল পরিচয়পত্র এভাবে অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় উচ্চ পর্যায়ের তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।
