উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (Voter Checklist SIR) প্রক্রিয়ার জট কাটাতে নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ (Underneath Adjudication) থাকায় যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতিবেশী রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে ২০০ জন জুডিশিয়াল অফিসারকে নিয়ে আসা হচ্ছে। শনিবারই তাঁদের রাজ্যে পৌঁছনোর কথা।
বর্তমানে রাজ্যে ৫০৫ জন জুডিশিয়াল অফিসার এই বিশাল কর্মযজ্ঞ সামলাচ্ছেন। কিন্তু কাজের বিপুল চাপের কথা মাথায় রেখে ওডিশা থেকে ১০০ এবং ঝাড়খণ্ড থেকে ১০০ জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। মূলত দক্ষিণবঙ্গের আটটি জেলা— উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম এবং নদিয়াকে এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু বা ‘পাখি’র চোখ’ করা হয়েছে। কমিশনের লক্ষ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই তালিকার জট কাটিয়ে ফেলা।
প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিচারাধীন ভোটারের মধ্যে মাত্র ৭ লক্ষ ৫০ হাজার নামের অ্যাডজুডিকেশন বা নথিপত্র খতিয়ে দেখার কাজ শেষ হয়েছে। কমিশন স্পষ্ট করেছে, নিষ্পত্তির অর্থই চূড়ান্ত তালিকায় নাম ওঠা নয়; কেবল বৈধ নথিপত্র থাকলেই তাঁদের নাম মূল তালিকায় ঠাঁই পাবে।
এদিকে ভোটার তালিকা সংশোধনের এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় শুক্রবার দুপুর ২টো থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের অধিকার হরণ করা হচ্ছে। অন্যদিকে, একই ইস্যুতে বামেরাও সিইও (CEO) দপ্তরের সামনে বিক্ষোভ ও ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিরোধীদের দাবি, এই বিপুল সংখ্যক ভোটারের নাম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্যে কোনো ভোট করানো সম্ভব নয়।
