উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘ইউক্রেন ন্যাটোর সদস্য পদ পেলে প্রেসিডেন্ট পদ ছাড়তেও রাজি’, রবিবার কিয়েভে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেছেন ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেছেন, ‘আপনারা যদি আমাকে এই চেয়ার থেকে সরে যেতে বলেন, তা করতে আমি প্রস্তুত। ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদের বিনিময়ে আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতেও রাজি।’
কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে একজন ‘স্বৈরাচারী শাসক’ বলে কটাক্ষ করেন। ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান বলেছেন, ‘ওই মন্তব্যের কারণে আমি বিরক্ত হয়নি, তবে একজন স্বৈরাচারী শাসক অবশ্যই বিরক্ত হতেন।’
প্রসঙ্গত, ২০১৯ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশে সামরিক শাসন জারি করেন তিনি। বাতিল করা হয় নির্বাচন। জেলেনস্কি বলেছেন, ‘বর্তমানে আমি ইউক্রেনের নিরাপত্তার দিকে নজর দিচ্ছি। এক দশক ধরে প্রেসিডেন্ট থাকা আমার স্বপ্ন নয়।’
এদিকে, দ্বিতীয়বার ক্ষমতায় এসে যুদ্ধ থামাতে তৎপরতা শুরু করেছেন ট্রাম্প। সম্প্রতি সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তাঁর প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ওই আলোচনায় ইউক্রেনকে যুক্ত করা হয়নি। সোমবার আবার কিয়েভে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের নেতাদের। সেখানে আয়োজিত বৈঠকে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিষয়টি তোলা হবে।
