উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার খোদ পুতিনের (Vladimir Putin) বাড়িতেই ড্রোন হামলা চালাল ইউক্রেন ? সোমবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছেন, রাশিয়ার নভগোরদ অঞ্চলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। এই ঘটনাকে “রাষ্ট্রীয় সন্ত্রাস” আখ্যা দিয়ে লাভরভ দাবি করেন, গত ২৮ ও ২৯ ডিসেম্বর রাষ্ট্রপতির বাসভবন লক্ষ্য করে ৯১টি দূরপাল্লার ড্রোন ছুড়েছিল ইউক্রেন।
সংবাদ সংস্থা স্পুটনিকের প্রতিবেদন অনুযায়ী লাভরভ জানিয়েছেন, নভগোরদ অঞ্চলে হামলাকারী ওই সমস্ত ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defence System) ধ্বংস করে দিয়েছে। লাভারভের দাবি, এমন বেপরোয়া কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়া হবে। সংবাদসংস্থা সূত্রের খবর, লাভরভ আরও বলেছেন যে কিয়েভের সঙ্গে ভবিষ্যতের যেকোনও আলোচনায় মস্কোর অবস্থানের ওপর এই ঘটনার প্রভাব পড়বে।
তবে লাভারভের দাবিকে সর্বৈব মিথ্যে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক এক্স পোস্টে তিনি জানান, যুদ্ধ শেষ করতে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা বানচাল করতে রাশিয়া ভয়ঙ্কর দাবি করছে। ইউক্রেনের উপর সম্ভাব্য হামলাকে বৈধতা দিতেই এমন দাবি করা হচ্ছে।
