উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পড়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay-Rashmika)। গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের (Rajasthan) উদয়পুরের ‘আইটিসি মেমেন্টোস’-এ ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। বিয়ের রেশ কাটতে না কাটতেই সোমবার তেলেঙ্গানার থুম্মানাপেটায় নিজেদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ ও সত্যনারায়ণ ব্রত পালন করলেন এই তারকা দম্পতি।
বিয়ের আভিজাত্যের চেয়ে সাধারণ জীবনযাপনেই যে তাঁরা বেশি স্বাচ্ছন্দ্য, তার প্রমাণ মিলেছে উদয়পুর থেকে ফেরার সময়। বিয়ের ঠিক পরের দিনই এই মেগাস্টার জুটি ইকোনমি ক্লাসের বিমানে চড়ে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। তাঁদের এই সাদামাটা সফর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গ্রামবাসীর উষ্ণ অভ্যর্থনা
সোমবার তেলেঙ্গানার থুম্মানাপেটায় নবদম্পতি (ViRosh) পৌঁছালে তাঁদের স্বাগত জানাতে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। গ্রামবাসীরা ধামসা-মাদল ও লোকসংগীতের মাধ্যমে তাঁদের বরণ করে নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বিজয়ের ভাই আনন্দ দেবেরাকোন্ডা এবং রশ্মিকার বোন শিমন মন্দানাও তাঁদের সঙ্গে রয়েছেন। বাড়ির চৌকাঠে পৌঁছালে প্রথা মেনে আরতি ও নজর (দৃষ্টি) কাটানোর পর তাঁদের নতুন গৃহে বরণ করা হয়।
পরনে সাবেকি পোশাক
গৃহপ্রবেশের পুজোর জন্য রশ্মিকা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের শাড়ি, যার পাড়ে ছিল লাল ও সোনালি কারুকাজ। অন্যদিকে বিজয়কেও দেখা গিয়েছে একই রঙের ট্র্যাডিশনাল কুর্তায়। দুজনকে একসঙ্গে দেখার জন্য গ্রামের সাধারণ মানুষের মধ্যে ছিল প্রবল উৎসাহ। নতুন বাড়িতে প্রবেশের আগে লোকনৃত্যের তালে তাল মিলিয়ে উৎসবের মেজাজ তৈরি হয় গোটা এলাকায়।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিজয়-রশ্মিকার গৃহপ্রবেশের মুহূর্তগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। পর্দার ‘অর্জুন রেড্ডি’ আর ‘শ্রীবল্লি’র এই বাস্তব জীবনের রসায়ন দেখে মুগ্ধ অনুরাগীরা।
