কিশনগঞ্জ: সরকারি দপ্তরের অন্দরে দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে বড়সড় সাফল্য পেল পাটনার ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরো (Vigilance Raid)। মঙ্গলবার সন্ধ্যায় কিশনগঞ্জ জেলা মাইনিং দপ্তরের হেড ক্লার্ক অশোক কুমার চৌধুরী এবং পিয়ন সরোজ কুমার সিংকে ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার করল ভিজিল্যান্সের একটি বিশেষ দল।
ভিজিল্যান্সের ডিএসপি মহম্মদ আসিফ ইকবাল আনসারী জানান, ডুমুরিয়া এলাকার একটি চায়ের দোকানে আগে থেকেই ফাঁদ পেতেছিলেন আধিকারিকরা। অভিযোগকারী মহম্মদ হাবিব আলমের থেকে টাকা নেওয়ার সময় ভিজিল্যান্স টিম তাঁদের ঘিরে ফেলে। হেড ক্লার্ক অশোক কুমার চৌধুরীকে ৮০০০ টাকা এবং পিয়ন সরোজ কুমার সিংকে ৭০০০ টাকা অবৈধভাবে গ্রহণ করার সময় পাকড়াও করা হয়।
অভিযোগকারী হাবিববাবু জানান, গত ৩১ ডিসেম্বর চাকলা গ্রামের কাছে তাঁর বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করেছিল মাইনিং দপ্তর। নিয়ম মেনে তিনি অনলাইনের মাধ্যমে সমস্ত জরিমানা জমা দিলেও সংশ্লিষ্ট দপ্তরের এই দুই কর্মী তাঁর গাড়ি ছাড়তে অস্বীকার করেন। উল্টে গাড়ি ছাড়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বাধ্য হয়ে গত ১৬ ফেব্রুয়ারি হাবিববাবু পাটনার ভিজিল্যান্স দপ্তরে লিখিত অভিযোগ জানান।
অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সক্রিয় হয় ভিজিল্যান্স টিম। মঙ্গলবার সকালে তদন্ত শেষ করে সন্ধ্যায় তাঁরা অভিযানে নামেন। ধৃতদের গ্রেপ্তারের পর সড়ক পথে ভাগলপুরের ভিজিল্যান্সের বিশেষ আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
