Victoria Memorial Bomb Menace | খাস কলকাতায় বোমাতঙ্ক! এবার নিশানায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

Victoria Memorial Bomb Menace | খাস কলকাতায় বোমাতঙ্ক! এবার নিশানায় ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় (Kolkata) ফের একবার বোমাতঙ্ক। এবার হুমকির নিশানায় ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial Bomb Menace)। শুক্রবার কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ইমেল আসাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় হেস্টিংস থানায় (Hastings Police Station)। লালবাজারের নির্দেশে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং স্নিফার ডগ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।

পুলিশ সূত্রে খবর, এদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে একটি ইমেল আসে। সেখানে দাবি করা হয়, মেমোরিয়াল চত্বরে বিস্ফোরক রাখা আছে। খবর পাওয়া মাত্রই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ দ্রুত হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ও বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে। পরিস্থিতি খতিয়ে দেখতে গোটা চত্বর খালি করে দেওয়া হয়। নিরাপত্তার খাতিরে পর্যটকদের সাময়িকভাবে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর।

গত এক সপ্তাহ ধরে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বোমাতঙ্কের ঘটনা ঘটছে। গত সপ্তাহেই কলকাতার নগর দায়রা আদালত এবং রুবি সংলগ্ন পাসপোর্ট অফিসে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল। সেই ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের এসটিএফ (STF) হাতে নিলেও এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা। এর আগে গুজরাটে একই ধরনের বোমাতঙ্কের ঘটনায় উত্তর ২৪ পরগনা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু এরপরও হুমকির এই ধারা অব্যাহত থাকায় উদ্বেগে লালবাজার।

ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার অন্যতম  পর্যটন কেন্দ্র। সাধারণ মানুষের পাশাপাশি প্রচুর বিদেশি পর্যটকও প্রতিদিন এখানে আসেন। এই ধরণের হুমকিবার্তায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে। বারবার পোস্ট অফিস এবং পাসপোর্ট দপ্তরগুলিতে আরডিএক্স (RDX) বিস্ফোরণের হুমকি আসায় জনজীবনও বিঘ্নিত হচ্ছে। পুলিশ খতিয়ে দেখছে এটি কোনও সংঘবদ্ধ চক্রের কাজ কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *