উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের জার্সি গায়ে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে নিজের ‘বিস্ফোরক’ রূপ দেখালেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। সোমবার লিস্ট-এ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে মাত্র ২৪ বলে ৬৮ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেললেন ভারত অনূর্ধ্ব-১৯ দলের এই অধিনায়ক।
২৪৬ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা ঝড়ের গতিতে করেন বৈভব। তাঁর ৬৮ রানের ইনিংসে ছিল ১০টি বিশাল ছক্কা! অবাক করার মতো তথ্য হল, বৈভব যখন ৬৩ রানে ব্যাটিং করছিলেন, তখন তাঁর ব্যক্তিগত স্কোরের ৬০ রানই এসেছিল কেবল ছক্কা থেকে। ইনিংসের একমাত্র চারটিও আসে পরে। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৮৩.৩৩।
চলতি মাসেই জিম্বাবোয়েতে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে বৈভবের এই ছন্দ ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল। সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১১ রানে আউট হলেও, দ্বিতীয় ম্যাচেই স্বমহিমায় ফিরলেন তিনি। নবম ওভারে একাদশতম ছক্কা মারতে গিয়ে কভারে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেও, ততক্ষণে জয়ের ভিত শক্ত করে দিয়েছেন এই প্রতিভাবান কিশোর।
ভারতীয় পেসার বরুণ অ্যারন সম্প্রতি বৈভবদের এই স্বাধীনতা নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন,”অনূর্ধ্ব-১৯ ক্রিকেট মানেই নিজের স্বাভাবিক খেলা তুলে ধরা। এখানে কোনো চাপ না নিয়ে ছেলেদের প্রাণ খুলে খেলার সুযোগ দেওয়া উচিত। বৈভব ঠিক সেটাই করছে।”
আইপিএলে রেকর্ড গড়া সেঞ্চুরির পর থেকে বৈভবের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সমালোচকরা যাই বলুক না কেন, বিশ্বকাপের আগে বৈভবের এই ‘ফিয়ারলেস’ ক্রিকেট যে ভারতীয় দলকে ভরসা জোগাচ্ছে সেকথা বলাই বাহুল্য।
