উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জলসীমায় আর নিরাপদ নয় কেউ— মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের এই হুঁশিয়ারি যেন বাস্তবে রূপ নিল ভারত মহাসাগরের নীল জলে। বুধবার এক অভাবনীয় সামরিক অভিযানে শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ (Iran Warship) ‘আইরিস ডেনা’ (IRIS Dena)-কে টর্পেডোর আঘাতে ডুবিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী (US sinks Iranian warship IRIS Dena)। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনও শত্রুপক্ষের যুদ্ধজাহাজে এমন সরাসরি টর্পেডো হামলা চালাল আমেরিকা।
নিঃশব্দ মৃত্যু
পিট হেগসেথ (Pete Hegseth) এই আক্রমণকে ‘শান্ত মৃত্যু’ (Quiet Demise) হিসেবে বর্ণনা করেছেন। মার্কিন সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতে মুহূর্তের মধ্যে সমুদ্রের অতলে তলিয়ে যায় ইরানি ফ্রিগেটটি। শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পথ জানিয়েছেন, জাহাজটিতে প্রায় ১৮০ জন কর্মী ছিলেন। বিস্ফোরণের পর বর্তমানে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ। উদ্ধারকাজে শ্রীলঙ্কার নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ খবরে যা জানা যাচ্ছে, তাতে অন্তত ৮০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
মিলন ২০২৬ থেকে ফেরার পথেই বিপর্যয় মর্মান্তিক বিষয় হলো, ‘আইরিস ডেনা’ বিশাখাপত্তনমে আয়োজিত বহুজাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ (MILAN 2026)-এ অংশগ্রহণ শেষে ইরানে ফিরছিল। পথমধ্যেই আন্তর্জাতিক জলসীমায় এটিকে লক্ষ্যবস্তু করা হয়। ইজরায়েলি সামরিক সূত্র দাবি করেছে, এই হামলার পরিকল্পনা শুরু হয়েছিল তিন সপ্তাহ আগে থেকে। আমেরিকার পেন্টাগন এবং ইজরায়েলি সামরিক কর্তাদের যৌথ পরিকল্পনার এটিই ছিল প্রথম ধাপ।
বৈশ্বিক প্রভাব ও পরবর্তী পরিস্থিতি
এই ঘটনার পরেই ইরান পালটা পদক্ষেপ হিসেবে কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যপ্রাচ্য সফরের পরই এই অভিযান এক বিশেষ কূটনৈতিক ও সামরিক বার্তা বহন করছে। ভারত মহাসাগরে এই নজিরবিহীন রক্তক্ষয়ী সংঘর্ষ এখন বিশ্বকে এক চরম অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
