উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুল্কবিরোধী একটি বিজ্ঞাপন প্রচার করেছিল কানাডা। যা নিয়ে রীতিমতো ক্ষোভে কানাডার উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনকি কানাডার সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনাও বাতিল করবেন বলে জানান তিনি (US-Canada)। তবে এবার এনিয়ে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি (Mark Carney)।
দক্ষিণ কোরিয়ায় এক সম্মেলনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি। উনি ক্ষুব্ধ হয়েছিলেন।’ আমেরিকা রাজি হলে কানাডা ফের বাণিজ্য নিয়ে আলোচনায় ‘প্রস্তুত’ বলেও জানিয়েছেন তিনি।
মূলত বিতর্কিত বিজ্ঞাপনটিতে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ১৯৮৭ সালে রেডিওতে দেওয়া একটি ভাষণের কিছু অংশ নেওয়া হয়েছে। যেখানে তাঁকে শুল্কের বিরুদ্ধে বলতে শোনা গিয়েছিল। এরপরই কানাডার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে তিনি জানিয়েছেন, বিজ্ঞাপনে ভুল তথ্য প্রচার করা হচ্ছে জেনেও কোনও পদক্ষেপ করেনি কানাডা সরকার। এমনকি রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউটের তরফেও দাবি, প্রাক্তন প্রেসিডেন্টের পুরোনো ভাষণের ক্লিপ বিজ্ঞাপনে ব্যবহারের জন্য তাদের কোনও অনুমতি নেওয়া হয়নি। যা নিয়ে বিতর্ক বাড়তেই এবার ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে নিলেন কার্নি।
