উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শাটডাউনের (US authorities shutdown) কারণে কর্মী সংকটের জের। আমেরিকায় (US) বাতিল করা হয়েছে হাজারেরও বেশি ফ্লাইট। এছাড়া দেরিতে চলছে অন্তত পাঁচ হাজার উড়ান। দেশটির অসামরিক পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। জানা গিয়েছে, রিগান বিমানবন্দর থেকে চার ঘন্টা দেরিতে বিমান উড়ছে। বিমানবন্দরগুলির সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের বসিয়ে দেওয়ায় পরিষেবা চালু রাখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
যে ফ্লাইটগুলি বাতিল হয়েছে সেগুলি গুরুত্বপূর্ণ চল্লিশটি বিমানবন্দর থেকে চলাচল করে। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক (New York), লস অ্যাঞ্জেলেস (Los Angeles), শিকাগো (Chicago), ওয়াশিংটন ডিসি (Washington DC)-র মতো বড় জায়গাও।
প্রসঙ্গত, প্রায় এক মাস ধরে আমেরিকায় শাটডাউন ঘোষণা করে রেখেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ডেমোক্রেটদের সঙ্গে সরকার ও শাসক দল রিপাবলিকানদের বিরোধের জেরে এখনও বাজেট পাশ হয়নি। তার জেরে সরকারি খরচ কমাতে হয়েছে। এদিকে খরচ কমাতে গিয়ে বহু সরকারি কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। এর প্রভাব পড়েছে একাধিক পরিষেবায়। তবে বিমান পরিষেবায় এত বড় বিপর্যয় এর আগে হয়নি বলে মনে করা হচ্ছে।
