উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : শনিবার দিল্লিতে বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করলেন ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং তার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ঘিরে দুই দেশের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কেনা বন্ধ না করায় ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে জয়শংকরের সঙ্গে গোরের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ছ’দিনের সফরে ভারতে এসেছেন গোর। সম্প্রতি মার্কিন সেনেট তাঁকে ভারতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগে ছাড়পত্র দিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও দায়িত্বগ্রহণ করেননি গোর। তার আগেই শনিবার দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন আমেরিকার হবু রাষ্ট্রদূত।
দুজনের মধ্যে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে জয়শংকর ওই বৈঠকের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘আজ আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিয়ো গোরের সঙ্গে দিল্লিতে বৈঠক করলাম। ভারত-আমেরিকা সম্পর্ক এবং এর বৈশ্বিক গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।’
