উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা (US)। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। আহত হয়েছেন অন্তত ৮ জন। বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীনই এই হামলা হয় বলে অভিযোগ (Capturing)। অভিযুক্ত বন্দুকবাজ এখনও অধরা।
মার্কিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের (Brown College) ইঞ্জিনিয়ারিং ভবনে ঢুকে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। সন্দেহভাজন ব্যক্তিটি কালো রংয়ের পোশাক পরেছিলেন। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, সন্দেহভাজনকে শেষবার ইঞ্জিনিয়ারিং ভবন থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। কিন্তু তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি। ওই বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র।
এদিকে, প্রথমে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের তরফে বিবৃতি জারি করে এক সন্দেহভাজনকে আটকের কথা জানানো হয়েছিল। তবে পরবর্তীতে এলাকায় মেয়র ব্রেট স্মাইলি জানান, প্রাথমিকভাবে আটক সন্দেহভাজনের সঙ্গে গুলিবর্ষণের কোনও সম্পর্ক পাওয়া যায়নি। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের যে ভবনে হামলা হয়েছে সেখানে শ্রেণিকক্ষ ও অফিস ছাড়াও ১০০টিরও বেশি পরীক্ষাগার রয়েছে। ঘটনার সময় ইঞ্জিনিয়ারিং ডিজাইনের পরীক্ষা চলছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত এবং তাঁদের পরিবারের মঙ্গল করুন ঈশ্বর!’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এফবিআই প্রয়োজনীয় যে কোনও সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।
