কুমারগঞ্জ: অবৈধ বালি ও মাটি পাচারকারীদের দাপট রুখতে বৃহস্পতিবার রাতভর কুমারগঞ্জের বিভিন্ন প্রান্তে অভিযান চালালো ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর (Unlawful Sand Mining)। রাতভর চলা এই অভিযানে মোট তিনটি বড় খননযন্ত্র (পোকলিন) আটক করার পাশাপাশি মাফিয়াদের মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের এই মারকুটে মেজাজে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দিওর পঞ্চায়েতের বিপ্রভাগ এলাকায় প্রথম হানা দেন আধিকারিকরা। সেখানে অবৈধভাবে জমি খনন করার অপরাধে একটি পোকলিন আটক করা হয় এবং সংশ্লিষ্টদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান সেখানেই থেমে থাকেনি। রাত ১টা নাগাদ মহাদেবপুর ও আমরুলবাড়ি এলাকায় অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে ফের অভিযানে নামে ভূমি দফতরের দল। সেখান থেকেও আরও দুটি পোকলিন আটক করে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
রাতের রেশ কাটতে না কাটতেই শুক্রবার ভোরেও সক্রিয় ছিল দফতর। এদিন সকালে একটি অবৈধ বালি বোঝাই গাড়ি আটক করা হয়। বালি চুরির অভিযোগে ওই গাড়িটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় ভূমি দফতরের আধিকারিকদের সঙ্গে কুমারগঞ্জ থানার পুলিশ বাহিনীও উপস্থিত ছিল।
কুমারগঞ্জের বিএলঅ্যান্ডএলআরও (BL&LRO) হিমাদ্রি শেখর মন্ডল জানান, “কাল গোটা রাত আমরা মাঠে নেমে অভিযান চালিয়েছি। তিনটি পোকলিন এবং একটি বালির গাড়ি ধরা হয়েছে। অবৈধ খনন ও বালি চুরি রুখতে এই ধরণের নিয়মিত অভিযান জারি থাকবে।” প্রশাসনের এই কড়া পদক্ষেপে সাময়িকভাবে হলেও মাফিয়ারা পিছু হটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
