উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মনিব থুড়ি বন্ধুকে বাঁচানোর জন্য বাঘের সঙ্গে লড়াই করল এক পোষ্য জার্মান শেফার্ড(The German shepherd)। কিন্তু মনিব প্রাণে বেঁচে গেলেও গুরুতর আঘাতের দরুন মারা যায় কুকুরটি। তবে প্রিয়বন্ধুকে বাঁচানোর জন্য ক্ষতবিক্ষত শরীরে শেষপর্যন্ত বাঘের সঙ্গে লড়ে যায় সে, বাধ্য করে বাঘটিকে জঙ্গলে পালিয়ে যেতে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) সাতনা জেলার বান্ধবগড় টাইগার রিজার্ভের কাছে।
জানা গিয়েছে, এদিন স্থানীয় শুভম বাদগাইয়া তাঁর বাড়ির বাইরে পোষ্য জার্মান শেফার্ডটিকে নিয়ে হাটছিলেন। সেইসময় পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে বাঘটি শুভমের দিকে এগোতে থাকে। কিন্তু মাঝে বাধা হয়ে দাড়ায় বেন্থো নামের ওই জার্মান শেফার্ডটি। বাঘটির মুখোমুখি দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে থাকে সে। তখনই শুভমকে ছেড়ে বেন্থোর উপর ঝাপিয়ে পড়ে বাঘটি, কুকুরটিকে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ারও চেষ্টা করে। কিন্তু বেন্থোও আহত অবস্থায় ক্রমাগত লড়াই করতে থাকে তাঁর থেকে বহুগুন বড় ওই জন্তুটির সঙ্গে। শেষপর্যন্ত রণেভঙ্গ দিয়ে বাঘটি বেন্থোকে ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে থাকা আহত বেন্থোকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যায় শুভম, কিন্তু শেষরক্ষা হয়নি। কয়েক ঘণ্টা পরেই মৃত্যু হয় জার্মান শেফার্ড বেন্থোর। ঘটনায় মন ভারাক্রান্ত হয়ে পড়েছে গোটা গ্রামের। আর নিজের প্রিয়বন্ধুর জন্য শুভমের বার্তা, “সারাজীবনের মতো ঋণী থেকে যাবো”
