তপন: ভোটের দামামা বাজতেই তপ্ত দক্ষিণ দিনাজপুরের রাজনীতি। শনিবার রাতে জেলার তপন ব্লকের (Tapan) লস্করহাট এলাকায় নির্বাচনি দেওয়াল লিখনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। অভিযোগ, দেওয়াল লিখন চলাকালীন সিপিএম কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী (CPIM-TMC Battle)। ঘটনায় আহত হয়েছেন সিপিএমের তপন এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস সহ আরও দুই কর্মী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ লস্করহাট এলাকায় দলীয় কর্মসূচি মেনে দেওয়াল লিখছিলেন বামকর্মীরা। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল কর্মী-সমর্থক এসে বাধা দেয়। বচসা শুরু হতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগকারীদের দাবি, তৃণমূলের বাহিনী সিপিএম নেতা দিলীপ বিশ্বাস এবং দুই কর্মী বিক্রম ও পুলকের ওপর চড়াও হয় এবং তাঁদের বেধড়ক মারধর করা হয়।
এরপর আহতদের উদ্ধার করে দ্রুত তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁরা রাতে তপন থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে বিতর্ক দানা বাঁধে। আক্রান্তদের অভিযোগ, থানার ডিউটি অফিসার তাঁদের সঙ্গে চূড়ান্ত দুর্ব্যবহার করেন। এমনকি ‘আইসি সাহেবের নির্দেশ নেই’—এই অজুহাতে অভিযোগপত্রের প্রাপ্তি স্বীকার (রিসিভ কপি) দিতেও অস্বীকার করা হয় বলে দাবি বাম নেতৃত্বের।
এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর লস্করহাট এলাকায় রাজনৈতিক উত্তেজনা বজায় ছিল। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে বাম শিবির। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা মারধরের অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচন ঘোষণার আগেই এই রক্তক্ষয়ী সংঘর্ষে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
