উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঠের লড়াইয়ের আগেই প্রকৃতি কেড়ে নিল সব রং! টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম ম্যাচেই থাবা বসাল কলম্বোর বৃষ্টি। ব্যাট-বলের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকা ক্রিকেটপ্রেমীদের হতাশ করে কোনো বল হওয়ার আগেই স্থগিত হয়ে গেল পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। দুই দলকেই ভাগ করে নিতে হল ১ পয়েন্ট করে।
শনিবার সন্ধ্যায় কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জেতেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু টসের ঠিক পরেই কলম্বোর আকাশ কালো করে নামে বৃষ্টি। পিচ ঢেকে দেন মাঠকর্মীরা। ক্রিকেটাররা ড্রেসিংরুমে বসে আকাশ পরিষ্কার হওয়ার অপেক্ষা করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
বৃষ্টির তীব্রতা বাড়ার সাথে সাথে কমতে থাকে ওভারের সংখ্যা। ৫ ওভারের কার্টেল-আউট ম্যাচ শুরুর জন্য কাট-অফ টাইম নির্ধারণ করা হয়েছিল রাত ১০টা ১৬ মিনিট। তবে মাঠের পরিস্থিতি এতটাই শোচনীয় ছিল যে, রাত ৯টা ১০ মিনিটেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়াররা। দেখা যায়, বৃষ্টি থামলেও মাঠ শুকিয়ে ম্যাচ শুরু করা অসম্ভব। ফলে কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার ও সলমন আলির হাত মেলানোতেই শেষ হয় রাতের লড়াই।
সুপার এইটের মতো ছোট রাউন্ডে প্রতিটি পয়েন্টের গুরুত্ব অপরিসীম। একটি ম্যাচ ভেস্তে যাওয়ার অর্থ হল সেমিফাইনালের পথ অনেকটা কণ্টকাকীর্ণ হয়ে যাওয়া। পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই শিবিরই এই ম্যাচ থেকে পূর্ণ ২ পয়েন্ট আশা করেছিল, কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় ১ পয়েন্ট নষ্ট হওয়ায় এখন পরবর্তী ম্যাচগুলিতে দুই দলের ওপরেই মরণ-বাঁচন চাপ তৈরি হল।
