T20 World Cup Last | বাজারে নীল জার্সির আকাল! বিশ্বকাপ ফাইনালের আগে শিলিগুড়ির স্পোর্টসের দোকানগুলোতে উপচে পড়া ভিড়

T20 World Cup Last | বাজারে নীল জার্সির আকাল! বিশ্বকাপ ফাইনালের আগে শিলিগুড়ির স্পোর্টসের দোকানগুলোতে উপচে পড়া ভিড়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিলিগুড়ি: আগামীকাল টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup Last) মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড (India vs New Zealand Last)। এই মহারণকে কেন্দ্র করে সারা দেশের পাশাপাশি উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়িতেও পারদ চড়ছে ক্রিকেট উত্তেজনার। প্রিয় দলকে সমর্থন জানাতে শহরবাসীর প্রস্তুতি এখন তুঙ্গে, যার সরাসরি প্রভাব পড়েছে শহরের ক্রীড়া সরঞ্জাম ও জার্সির বাজারগুলিতে।

শনিবার সকাল থেকেই শিলিগুড়ির বিধান মার্কেট, হংকং মার্কেট এবং মহাবীরস্থান এলাকার দোকানগুলোতে ক্রিকেটপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সবারই লক্ষ্য—টিম ইন্ডিয়ার নীল জার্সি। বিক্রেতারা জানিয়েছেন, সেমিফাইনালের পর থেকেই জার্সির চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়েছিল, কিন্তু আজ তা রীতিমতো রেকর্ড স্পর্শ করেছে। অনেক দোকানেই বড়দের জার্সির স্টক শেষ হয়ে যাওয়ায় ছোটদের জন্য জার্সি কিনতে দেখা গেছে অভিভাবকদের।

বিধান মার্কেটের এক ক্রীড়া সরঞ্জাম ব্যবসায়ী জানান, “ভারত ফাইনালে ওঠায় ব্যবসার ছবিটাই বদলে গিয়েছে। মানুষ কেবল জার্সি নয়, ফেস্টুন এবং তেরঙার জন্যও ভিড় করছেন। অনেক জায়গায় স্টক দ্রুত ফুরিয়ে আসছে।” ব্যবসায়ীদের মতে, আইসিসি-র বড় টুর্নামেন্টের ফাইনাল ঘিরে এমন উদ্দীপনা আগে খুব কমই দেখা গিয়েছে।

মাঠে লড়াই শুরুর আগেই শহরজুড়ে উৎসবের মেজাজ। ভক্তদের কথায়, “ফাইনালের দিন তেরঙা গায়ে জড়িয়েই টিভির সামনে বসতে চাই। টিম ইন্ডিয়া যেভাবে ফর্মে আছে, এবার ট্রফি আমাদেরই আসবে।” কেবল বাড়ি নয়, শহরের বিভিন্ন ক্লাব ও মোড়ে বড় পর্দায় ম্যাচ দেখানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। সব মিলিয়ে কালকের ফাইনালকে ঘিরে শিলিগুড়ি এখন পুরোপুরি ‘ব্লু-ফিভার’-এ আক্রান্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *