উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) গ্রুপ পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। পেটের সংক্রমণে (Abdomen an infection) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন তারকা ব্যাটার অভিষেক শর্মা (Abhishek Sharma)। আগামী বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় গ্রুপ পর্যায়ের ম্যাচ (India vs Namibia)। কিন্তু বর্তমানে যে শারীরিক অবস্থা, তাতে এই বাঁহাতি ওপেনারের মাঠে নামা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অভিষেক। আমেরিকার বিরুদ্ধে গত ম্যাচের আগেই তিনি অসুস্থ বোধ করছিলেন। কিন্তু শারীরিক অস্বস্তি নিয়েই তিনি মাঠে নেমেছিলেন। ম্যাচের পর তাঁর অবস্থার আরও অবনতি হয়। প্রচণ্ড জ্বর থাকায় তাঁকে ড্রিপও দিতে হয়েছে। মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দলের ঐচ্ছিক অনুশীলনেও তাঁকে দেখা যায়নি। বিসিসিআই-এর এক সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘অভিষেকের পেটে এখনও কিছু সমস্যা রয়েছে। তবে আমরা আশাবাদী যে ও আগামী দুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে।’ উল্লেখ্য, আমেরিকার বিরুদ্ধে ম্যাচে গোল্ডেন ডাকে আউট হওয়ার পর অভিষেক ফিল্ডিং করতেও নামেননি। তাঁর পরিবর্তে পুরো সময় ফিল্ডিং করেন সঞ্জু স্যামসন। এমনকি ম্যাচ শেষে হাত মেলানোর পর্বেও তাঁকে মাঠে দেখা যায়নি।
অন্যদিকে, নামিবিয়া ম্যাচের আগে ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। চোট সারিয়ে ছন্দে ফিরছেন জসপ্রীত বুমরাহও। তবে ব্যাটিং লাইনআপে অভিষেকের অভাব চিন্তায় রাখছে ম্যানেজমেন্টকে। টিম ইন্ডিয়ার নজর এখন এই তরুণ তুর্কির দ্রুত আরোগ্যের দিকে।
