নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুজনে একসঙ্গে অনেক বছর ধরে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। দুজনে বল হাতে যখন বোলিং শুরু করেন, বিপক্ষ ব্যাটারদের মনের মধ্যে ত্রাসের সৃষ্টি হয়। সেই ত্রাস, আতঙ্ক এবার আরও বেশি বাড়বে। দুবাইয়ে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য বরুণ চক্রবর্তীকে নিয়ে আজ এভাবেই সরব হলেন কলকাতা নাইট রাইডার্সের আরও এক রহস্য স্পিনার সুনীল নারায়ণ। তাঁর মনে হচ্ছে, শনিবার থেকে শুরু হতে চলা অষ্টাদশ আইপিএলে আরও বেশি প্রভাব বিস্তার করবেন বরুণ। বিকেলের দিকে মধ্য কলকাতায় এক অনুষ্ঠানে হাজির হয়ে সুনীল তাঁর সতীর্থ বরুণকে প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেছেন, ‘বেশ কয়েক বছর ধরে আমরা কেকেআরে একসঙ্গে খেলছি। বরুণের সঙ্গে বল করাটা দুর্দান্ত অভিজ্ঞতা। জুটিতে বোলিংয়ের সময় আমরা পরস্পরের সান্নিধ্য উপভোগ করি। আমি নিশ্চিত, অতীতের মতো এবারও আইপিএলে বরুণ বিপক্ষ শিবিরে আতঙ্ক তৈরি করবে। কারণ ওর রহস্য স্পিন বোঝা কঠিন।’
২০১২ সাল থেকেই নারায়ণ কেকেআর সংসারের অবিচ্ছেদ্য অংশ। শেষ মরশুমে ব্যাট হাতে ইনিংস ওপেন করে ৪৫০-এর বেশি রানের পাশে বল হাতে ২০টি উইকেটও নিয়েছিলেন তিনি। নারায়ণের অলরাউন্ড দক্ষতার বিরাট প্রভাব কেকেআরের খেতাব জয়ের অন্যতম কারণ। বরুণও বল হাতে খারাপ করেননি। এহেন নারায়ণ আসন্ন মরশুম নিয়ে আজ বলেছেন, ‘কলকাতায় আসতে, ইডেন গার্ডেন্সে খেলতে বরাবরই পছন্দ করি আমি। কলকাতা তথা বাংলার ক্রিকেটপ্রেমীর থেকে সবসময় ভালোবাসা পেয়েছি। অতীতের মতো এবারও দলের সাফল্যে অবদান রাখতে চাই।’ শেষ মরশুমের মতো এবারও নারায়ণ ওপেন করবেন। বড় অঘটন না হলে তাঁর সঙ্গী হতে চলেছেন কুইন্টন ডি কক। নয়া ওপেনিং জুটি নিয়ে নারায়ণ বলছেন, ‘শুরুটা ভালো করতেই হবে আমাদের। আমার সঙ্গে কে ওপেন করবে, নিশ্চিত নই আমি। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আইপিএলের মতো বড় ও কঠিন প্রতিযোগিতার শুরুটা ভালো করতে পারলে চাপ একটু কমে যায়। সেটাই প্রাথমিক লক্ষ্য আমাদের।’
