উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবদ্বীপে রাস পূর্ণিমার গিয়ে হামলার মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বুধবার নদিয়ায় পরপর কর্মসূচি ছিল সুকান্ত মজুমদারের। সেখান থেকে ফেরার সময়ই এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। সুকান্তের কনভয়ে থাকা একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। ঘটনায় আহত হয়েছেন দুই বিজেপি নেতা। ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সরাসরি এই হামলার জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস-কে দায়ী করেছেন।
এদিন নবদ্বীপের সরকার পাড়ায় রাস উৎসবে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। সেখান থেকে ফেরার পথে হামলা হয় সুকান্ত মজুমদারের কনভয়ে। স্থানীয় এক বাস স্ট্যান্ডের কাছে কনভয় লক্ষ করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। ছবিতে দেখা যাচ্ছে দুষ্কৃতীদের হাতে ছিল লাঠি। সেই সময়ই গাড়ি থেকে নেমে যান সুকান্ত। দুষ্কৃতীদের ছোড়া ইটে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জনা কয়েক দলীয় কর্মীর মাথা ফেটেছে বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে।
এদিনের হামলা প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “দুই কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমি পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, তারা যদি কোনও কড়া ব্যবস্থা না নেয়, তাহলে রক্তের হিসেব আমরা বুঝে নেব। যদি অভিযুক্তদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরাই ব্যবস্থা নেব। বিজেপি সেই ক্ষমতা রাখে।”
এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “এটা নিত্যদিনের কাজ হয়ে গিয়েছে। আইনের শাসন নেই। নেতাদের এই অবস্থা হলে কর্মীদের কী হবে! কেন্দ্রীয় সরকারের উচিত এবার কড়া ব্যবস্থা নেওয়া। এরা থামবে না, এদের থামাতে হবে।”
