পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ (BJP Parivartan Yatra)। যাত্রাকে ঘিরে দলীয় কর্মী–সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন হাতে দলীয় পতাকা, মাথায় গেরুয়া টুপি পরে ব্যান্ডপার্টি বাজিয়ে এবং ফুল ছিটিয়ে পরিবর্তন যাত্রাকে স্বাগত জানান বিজেপিকর্মীরা।
পতিরামের চৌরঙ্গীর ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগেন বিজেপি নেতারা।
এদিন পতিরাম পঞ্চায়েতের প্রধানকে সরাসরি ‘গাছ চোর’ এবং ‘কাটমানির এজেন্ট’ বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল জমানার সমস্ত চুরি ও লুঠের তদন্ত হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, জেলার দীর্ঘদিনের দাবি পূরণ করার বড় প্রতিশ্রুতিও দেন সুকান্ত। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে কয়েক মাসের মধ্যেই দক্ষিণ দিনাজপুরে একটি মেডিকেল কলেজ (Medical Faculty) স্থাপন করা হবে।
এর পাশাপাশি সভা থেকে একাধিক প্রতিশ্রুতির কথাও বলেন তিনি। রাজ্যের সমস্ত শূন্যপদে নিয়োগ, চাকরিজীবীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান, মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে মাসে ৩০০০ টাকা ভাতা এবং রাজ্যের মানুষকে কাজের জন্য বাইরে যেতে না হয় সেই ব্যবস্থা করার আশ্বাস দেন বিজেপি নেতারা। সভা শেষে পরিবর্তন যাত্রাটি বালুরঘাটের উদ্দেশে রওনা দেয়।
