দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: নিজের ভগ্নীপতিকে সহকারী বিএলও সাজিয়ে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম থেকে মৃত ভোটারদের নাম বাছাই করছেন বিএলও দীনবন্ধু মণ্ডল। ঘটনাটি রায়গঞ্জের বীরঘই প্রাথমিক স্কুল ক্যাম্পাসের ২৪০ বুথের।
শনিবার দুপুর দেড়টা নাগাদ স্কুল ক্যাম্পাসে গিয়ে দেখা গেল, ওই বিএলও একদিকে ফর্ম বাছাই করছেন, অন্যদিকে আরেক ভদ্রলোক ফর্মের উপর লেখালেখি করছেন। বিএলও’র কাছে আরেকজনের পরিচয় জিজ্ঞেস করতেই সহকারী বিএলও বলে পরিচয় দেন। তবে সিত্যটা জানা যায় এরপরেই। ওই সহকারী বিএলও-কে নাম ও স্কুলের নাম জিজ্ঞাসা করতে তিনি বলেন, ‘আমার নাম হিমাংশু রায়। কসবায় বাড়ি। আমি ওঁর ভগ্নীপতি হই। ওঁর শরীর ভালো নেই, তাই সাহায্য করছি।’
এভাবে বাইরের একজন এসে কি বিএলও’র কাজ করতে পারেন? এমন প্রশ্ন ওই বিএলও-কে করলে তিনি বলেন, ‘আমার এই বুথে ১৩৬৬ জন ভোটার। সহকারী বিএলও সুনীল মুর্মু না আসায় আমার ভগ্নীপতি এসেছেন। তাই ভুল হলে ক্ষমা করবেন।’
বিএলও দীনবন্ধু বীরঘই প্রাথমিক স্কুলে শিক্ষক পদে কর্মরত। দীনবন্ধুর দাবি, মৃত ভোটারদের বেছে বেছে বাদ দিতে হচ্ছে। তঁার আত্মীয় থুড়ি সহকারী বিএলও সেই কাজই করছেন, অন্য কাজ নয়।
যদিও বীরঘই পঞ্চায়েত এলাকায় সুপারভাইজারের দায়িত্বে থাকা পঞ্চায়েতের সেক্রেটারি উৎপল দাস বলেন, ‘বীরঘই বুথের কাজকর্ম ঢিলেঢালা চলছে। সেখানে একজন সহকারী আছেন। তবুও আমি নিজে গিয়ে বিএলও-কে সাহায্য করছি। বাইরের কোনও লোক এভাবে বিএলও-কে সাহায্য করতে পারেন না।’
এ ব্যাপারে কেউ অভিযোগ করেননি বলে জানান রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কালামউিদ্দন আহমেদ। তবে ঘটনাটি খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন তিনি।
