SIR in West Bengal | ‘পুরো প্রক্রিয়া আটকে দেবেন না’, ভোটার তালিকা নিয়ে রাজ্যের আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির

SIR in West Bengal | ‘পুরো প্রক্রিয়া আটকে দেবেন না’, ভোটার তালিকা নিয়ে রাজ্যের আবেদন খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court docket)। শুক্রবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত অত্যন্ত কড়া ভাষায় রাজ্যকে সতর্ক করে বলেন, “পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না। বিষয়টির এবার ইতি টানতে হবে। বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে দিন।”

এদিন রাজ্যের পক্ষে আইনজীবী কপিল সিব্বল অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অমান্য করে নির্বাচন কমিশন বিচারকদের প্রশিক্ষণ দিচ্ছে। তাঁর দাবি ছিল, হাইকোর্টের (Calcutta Excessive Court docket) প্রধান বিচারপতিরই এই প্রক্রিয়ার রূপরেখা নির্ধারণ করার কথা, কিন্তু কমিশন সেখানে হস্তক্ষেপ করে নিজস্ব ‘মডিউল’ তৈরি করেছে। সিব্বল আরও অভিযোগ করেন, মহকুমা শাসকদের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার কথা বলছে কমিশন, যা জটিলতা তৈরি করতে পারে।

রাজ্যের এই যুক্তিতে তীব্র আপত্তি জানান বেঞ্চের সদস্য বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি পাল্টা প্রশ্ন করেন, “নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে বিচারকদের এই কাজের পদ্ধতি কে শেখাবে?” তিনি স্পষ্ট করে দেন যে আদালতের নির্দেশ অত্যন্ত পরিষ্কার এবং কমিশন কোনোভাবেই সেই নির্দেশ অগ্রাহ্য করতে পারে না।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসআইআর তালিকা প্রকাশ করতে হবে। কাজের গতি বাড়াতে ভিনরাজ্য থেকেও বিচারক নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছিল। শুক্রবারের শুনানিতে আদালত পুনরায় জানিয়ে দেয়, বিচারকদের কাজে কোনো বাধা সৃষ্টি করা চলবে না। অতিরিক্ত তালিকা প্রয়োজনে পরবর্তী সময়ে প্রকাশ করা যেতে পারে, কিন্তু মূল প্রক্রিয়ায় দেরি করা যাবে না।

আদালতের এই পর্যবেক্ষণের পর এটা স্পষ্ট যে, নির্ধারিত সময়ের মধ্যেই ভোটার তালিকার যাচাই পর্ব শেষ করতে হবে কমিশনকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *