হরিশ্চন্দ্রপুরঃ এসআইআর আতঙ্কে ফের আত্মহত্যার চেষ্টা! এবার ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার অধীন নাজিরপুর বাগমারা এলাকায়। পরিবারের দাবি, ভোটার তালিকায় নিজের নাম ভুল থাকায় আতঙ্কে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন রাজেশ মোহাম্মদ নামে এক যুবক। বর্তমানে তিনি চাঁচল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রাজেশকে দেখতে হাসপাতালে গিয়েছেন মন্ত্রী তজমুল হোসেন।
জানা গিয়েছে, ভোটার তালিকায় রাজেশ মোহাম্মদের নাম রয়েছে রাজেশ। তালিকায় ‘মোহাম্মদ’ পদবির উল্লেখ নেই। আবার রাজেশের বাবার প্রকৃত নাম আদিল। কিন্তু রাজেশের বাবার নামে জায়গায় ভুলবশতঃ আছে ‘রাজেশ মোহাম্মদ’। এসআইআর আবহে বিষয়টি নজরে আসতেই গত কয়েকদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলেন তিনি। তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই মানসিক অবসাদের কারণেই শুক্রবার সন্ধ্যায় বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
রাজেশ ভেবেছিলেন, ভোটার তালিকায় তাঁর নাম ভুল থাকার কারণে এসআইআরে তাঁর নাম বাদ যেতে পারে। হারাতে পারেন ভোটাধিকার। চলে যেতে পারে নাগরিকত্ব। সেই আতঙ্ক থেকেই এদিন সন্ধ্যায় আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করেছে রাজেশের পরিবারের লোকেরা।
এদিকে আত্মহত্যার চেষ্টার খবর পেয়েই চাঁচল মহকুমা হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। মন্ত্রী বলেন, ‘রাজ্যজুড়ে এসআইআর চালু হওয়ার পর বেশ কয়েকজন আত্মঘাতী হয়েছেন শুধুমাত্র আতঙ্কের জেরে। একই ঘটনা ঘটল এখানেও। এই ছেলেটির নাম ভোটার তালিকায় ভুল এসেছে। রাজ্যের তরফ থেকে আমি চেষ্টা করব যাতে ভোটার লিস্টে ওর নাম সংশোধন হয়ে যায়। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক কিছু বুঝতে ভুল হচ্ছে তাই মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ নিচ্ছে না। আমি হাসপাতালে গিয়েছিলাম ওই যুবককে দেখতে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন। চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। আমরা ওর চিকিৎসার ব্যাপারে কোনও ত্রুটি রাখছি না। সমাজে আতঙ্ক তৈরি করছে বিজেপি সরকার। এটা আমরা কোনওমতেই মেনে নিতে পারছি না।’
