উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় শিল্পীদের বারবার হেনস্থা ও অসম্মানের তালিকায় এবার যুক্ত হল কবীর সুমন থেকে লগ্নজিতার পর গায়ক শিলাজিৎ মজুমদারের (Singer Shilajit Majumdar) নাম। শুক্রবার সল্টলেকের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে আয়োজিত একটি অনুষ্ঠানে (Central Park Live performance) পারফর্ম করতে গিয়ে পুলিশের (Police) হাতে চরম অপদস্থ হতে হল তাঁকে। অভিযোগ, ঘড়িতে রাত ১১টা বাজার আগেই কুরুচিকর অঙ্গভঙ্গি করে তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য করে পুলিশ।
ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। শিলাজিতের দাবি, আয়োজকদের দেওয়া সময় অনুযায়ী রাত ১১টা পর্যন্ত তাঁর শো করার কথা ছিল। কিন্তু ১০টা ৫৮ মিনিট নাগাদ গান থামানোর পরেই এক পুলিশ আধিকারিক অত্যন্ত কুরুচিকর ইঙ্গিত করে তাঁকে স্টেজ থেকে নামতে বলেন। মঞ্চে দাঁড়িয়েই এই অপমানের কড়া প্রতিবাদ জানান গায়ক। ক্ষুব্ধ শিলাজিৎ মাইক্রোফোনে বলেন, “৩২ বছর ধরে এই বাংলায় গান গাইছি। আপনি আমাকে না চিনতে পারেন, কিন্তু এখানে আসা হাজার হাজার মানুষ আমাকে চেনেন। আপনি এভাবে বাজে ইঙ্গিত করে আমাকে নামিয়ে দিতে পারেন না।” সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি আরও বলেন, “শিল্পীদের অসম্মান না করে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোকে কীভাবে আটকাবেন, সেটা দেখব।”
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগে কৃষ্ণনগরে শো করতে গিয়েও একই পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি। সেখানেও পুলিশের তাড়া খেয়ে মাঝপথে শো বন্ধ করতে বাধ্য হন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় আক্ষেপ করে শিলাজিৎ জানান, কৃষ্ণনগরে তাঁর বহু প্রিয় গান গাওয়াই হয়নি এবং অনুরাগীদের সাথে কথাটুকু বলতে দেওয়া হয়নি। এমনকি ভিড়ের চাপে ভক্তদের সঙ্গে একটা সেলফিও তুলতে পারেননি তিনি।
আরামবাগে লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়া থেকে শুরু করে শিলাজিতের সাম্প্রতিক এই অভিজ্ঞতা— বারবার প্রশ্ন তুলে দিচ্ছে বাংলার সংস্কৃতি ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে। শিল্পের পীঠস্থান বলে পরিচিত বাংলায় কেন শিল্পীদের বারবার এমন ‘ভয়াবহ’ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে অনুরাগীরা।
