রাজু সাহা, শামুকতলা: সিঞ্চুলা সম্মানে (Sinchula Award) ভূষিত হলেন ইতিহাসবিদ হীরাচরণ নার্জিনারি। সোমবার শামুকতলা সিধো কানহো কলেজ ক্যাম্পাসের আমলকী বনে আয়োজিত একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর হাতে স্মারক সম্মান তুলে দেন তিস্তাপক্ষ স্টাডি সার্কেল সংস্থার সম্পাদক কৃষ্ণপ্রিয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বোড়ো লিটারারি রিসার্চ ফোরামের সম্পাদক ডাহান খুঙ্গুর নার্জিনারি, অসিত বোড়ো, সিধো কানহো কলেজের অধ্যক্ষ আশুতোষ বিশ্বাস, কুরুখ ভাষার সাহিত্যিক বিমলকুমার টোপ্পো প্রমুখ।
আলিপুরদুয়ার তালেশ্বরগুড়ির বাসিন্দা হীরাচরণ বোড়ো জনগোষ্ঠীকে নিয়ে বহু বছর ধরে গবেষণা করছেন। তাঁর উল্লেখযোগ্য গবেষণাপত্র ‘In Search of Id the Mech’। এই মুহূর্তে বোড়ো সভ্যতার ইতিহাস নিয়ে তিনি একটি বই লিখছেন। আগামী কয়েক মাসের মধ্যেই সেটি প্রকাশিত হবে। ৮১ বছর বয়সেও হীরাচরণ লাইব্রেরিতে সময় কাটাতেই ভালোবাসেন। হীরাচরণ ষষ্ঠ ব্যক্তিত্ব, যিনি পুরস্কারটি পেলেন।
সমাজবিজ্ঞান ও মানবিক বিদ্যাচর্চার মতো বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ও ব্যতিক্রমী অবদানের জন্য ১৯৮৭ থেকে তিস্তাপক্ষ স্টাডি সার্কেল সিঞ্চুলা সম্মান প্রদান করে। কৃষ্ণপ্রিয় জানাচ্ছেন, হীরাচরণের আগে মোট পাঁচজন এই সম্মান পেয়েছেন। তালিকায় রয়েছেন পরিবেশকর্মী জগন্নাথ বিশ্বাস (১৯৮৭), লোকসংস্কৃতি গবেষক সুনীল পাল (১৯৮৮), সাংবাদিক তুষার প্রধান (১৯৯৬), উত্তরবঙ্গ সংবাদের প্রতিষ্ঠাতা সম্পাদক সুহাসচন্দ্র তালুকদার (২০০৩) এবং বিমলকুমার টোপ্পো (২০১৯)। তাঁর কথায়, ‘ইতিহাস গবেষক হীরাচরণ নার্জিনারিকে এই পুরস্কার দিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।’
