শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা (Siliguri)। বড়সড়ো সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাতে হাসমি চক এলাকায় এক তরুণের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় ৩০ লক্ষ টাকা। এরপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত তরুণের নাম মহম্মদ ওয়াসিম। বাড়ি উত্তরপ্রদেশে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল রাতে হাসমি চকে অভিযান চালায় শিলিগুড়ি থানার অ্যান্টিক্রাইম উইংয়ের পুলিশ। সেখান দিয়ে স্কুটারে করে যাওয়ার সময়ই ওয়াসিমকে আটক করা হয়। এরপর তল্লাশি চালাতেই ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৩০ লক্ষ টাকা। ওই বিপুল পরিমাণ টাকা ৫০০, ২০০ ও ১০০ টাকার নোটের বান্ডিলে বিভক্ত ছিল। সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি এলাকায় বসবাস করতেন ধৃত তরুণ। এই বিপুল পরিমাণ টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার কোনও সদুত্তর দিতে পারেননি তিনি।
শিলিগুড়ি শহরের বুকে এই বিপুল অঙ্কের টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং বিগত কয়েকদিনে কাদের সঙ্গে ফোনে কথোপকথন হয়েছে ধৃতের, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করবে পুলিশ।
