উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী নির্বাচন নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP Shuvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভায় বিজেপি প্রার্থী রাহুল সিনহার (Rahul Sinha) মনোনয়ন জমা দেওয়ার পর এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল নেত্রী কৃতজ্ঞতা স্বরূপ দু’জনকে রাজ্যসভার টিকিট দিয়েছেন। তাঁর দাবি, “সারদার ইলেকট্রনিক ডিভাইস নষ্ট করার পুরস্কার হিসেবে রাজীব কুমারকে এবং আরজি কর কাণ্ডে বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য মেনকা গুরুস্বামীকে এই উপহার দেওয়া হয়েছে”। রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মুখ হিসেবে রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক ও বাবুল সুপ্রিয় এদিন মনোনয়ন জমা দেন।
তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য সুব্রত বকসিকে (Subrata Bakshi) এবার প্রার্থী না করায় শুভেন্দুর গলায় আক্ষেপের সুর শোনা যায়। এক সময়ের লড়াইয়ের সঙ্গীকে ‘বকসিদা’ সম্বোধন করে তিনি বলেন, “সুব্রত বকসির মতো নেতা, যিনি যুব কংগ্রেসের সময় থেকে সংগঠন দেখছেন, তাঁকে সরিয়ে রাজীব কুমারের মতো কুখ্যাত আইপিএস-কে জায়গা করে দেওয়া হচ্ছে”। বর্ষীয়ান এই নেতাকে ‘বাধ্যতামূলক অবসরে’ পাঠানো বাংলার রাজনীতির জন্য পীড়াদায়ক বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালে রাজ্যসভায় নির্বাচিত হওয়া সুব্রত বক্সীর মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিলে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন বকসির বদলে অরাজনৈতিক ব্যক্তিদের প্রাধান্য দেওয়া নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি।
