উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছরের শুরুতেই অরিজিৎ সিংয়ের (Arijit Singh) প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় তোলপাড় হয়েছিল সংগীত দুনিয়া। এবার সেই পথেই হাঁটলেন মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তবে গান গাওয়া বন্ধ নয়, বরং গান নির্বাচনের ক্ষেত্রে এক কঠোর সিদ্ধান্তের কথা জানালেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া স্পষ্ট করে দিয়েছেন, ভবিষ্যতে আর কোনো ‘আইটেম গান’ (Merchandise Songs Controversy) বা মহিলাদের অবমাননা করা হয় এমন গানে কণ্ঠ দেবেন না তিনি।
‘চিকনি চামেলি’ নিয়ে অকপট শ্রেয়া
‘মেরে ঢোলনা’ থেকে ‘চিকনি চামেলি’— বৈচিত্র্যময় গানে বরাবরই শ্রোতাদের মুগ্ধ করেছেন শ্রেয়া। ক্যাটরিনা কাইফের লিপে ‘চিকনি চামেলি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেলেও, বর্তমানে সেই ধরনের গান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন গায়িকা। শ্রেয়া জানান, সেই সময়ে গানটির অনেক কথার গভীর অর্থ বা ‘সাজেস্টিভ’ ইঙ্গিত বোঝার মতো পরিণতিবোধ তাঁর ছিল না। কিন্তু এখন তিনি অনেক বেশি সচেতন।
কেন এই সিদ্ধান্ত?
শ্রেয়ার মতে, কোনো গান জনপ্রিয় হলে তা স্টেজ শো-তে গাইতে হয়। সামনে যখন ছোট ছোট শিশুরা বসে থাকে, তখন আপত্তিকর বা দ্ব্যর্থবোধক কথার গান গাইতে তাঁর চূড়ান্ত অস্বস্তি হয়। তিনি জানান, ‘চিকনি চামেলি’র সাফল্যের পর তাঁর কাছে এমন অনেক গানের প্রস্তাব এসেছিল যেখানে মহিলাদের ‘অবজেক্টিফাই’ করা হয়েছে।
শিল্পের খাতিরে আপস নয়
শ্রেয়া স্পষ্ট করে দিয়েছেন, স্রেফ মজার জন্য বা জনপ্রিয়তার লোভে তিনি আর এমন কোনো গান রেকর্ড করবেন না যার কথায় নারীদের অসম্মান হয়। যদিও ‘চিকনি চামেলি’ গানটি তিনি এখনো মঞ্চে গান, কারণ সেটির সুর ও তাল তাঁর পছন্দ। তবে নতুন করে আর কোনো ‘আইটেম সং’-এ শ্রেয়ার জাদুকরী কণ্ঠ শোনা যাবে না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। সংগীত জগতের নক্ষত্রদের এমন সচেতন পদক্ষেপ আদতে সুস্থ সংস্কৃতির পক্ষেই এক বড় বার্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
