Sharad Pawar | ভাইপো অজিতের মৃত্যুর শোকের মধ্যেই অসুস্থতা, বারামতী থেকে অ্যাম্বুলেন্সে পুনে নিয়ে যাওয়া হলো শরদ পওয়ারকে

Sharad Pawar | ভাইপো অজিতের মৃত্যুর শোকের মধ্যেই অসুস্থতা, বারামতী থেকে অ্যাম্বুলেন্সে পুনে নিয়ে যাওয়া হলো শরদ পওয়ারকে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এনসিপি প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ পওয়ার (Sharad Pawar)। সোমবার সকালে শ্বাসকষ্ট এবং জ্বর ও সর্দি-কাশি নিয়ে প্রবীণ এই রাজনীতিককে পুনের একটি বেসরকারি হাসপাতালে (Pune Hospital) ভর্তি করা হয়েছে। ৮৫ বছর বয়সি এই বর্ষীয়ান নেতার শারীরিক অবস্থা নিয়ে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়েছে।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন পওয়ার। সোমবার সকালে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে বারামতির গোবিন্দবাগের বাসভবনে তড়িঘড়ি চিকিৎসকদের একটি দল পাঠানো হয়। সকাল সাড়ে দশটা নাগাদ প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপরই একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে পুনেতে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তির সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে (Supriya Sule)

দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন শরদ পওয়ার। নব্বইয়ের দশকে তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, যদিও দীর্ঘ লড়াই ও চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে চিকিৎসকদের মতে, সম্প্রতি একটি বড়সড় শোকের প্রভাব তাঁর স্বাস্থ্যের ওপর পড়েছে। কিছু দিন আগে বারামতীতে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। ভাইপোর মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রবীণ এই নেতা।

হাসপাতাল সূত্রে খবর, আপাতত পওয়ারের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বয়স এবং শ্বাসকষ্টের সমস্যা বিবেচনা করে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল তাঁর ওপর চব্বিশ ঘণ্টা কড়া নজর রাখছেন। তাঁর বেশ কিছু গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা করানো হয়েছে। এনসিপি সমর্থকেরা নেতার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করেছেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিভিন্ন দলের শীর্ষ নেতারাও তাঁর স্বাস্থ্যের খবর নিচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *