Shah Rukh Khan | ‘আমার হৃদয় কাঁদছে’, পঞ্জাবে বন্যার্তদের জন্য উদ্বিগ্ন শাহরুখ, কী বললেন অভিনেতা?

Shah Rukh Khan | ‘আমার হৃদয় কাঁদছে’, পঞ্জাবে বন্যার্তদের জন্য উদ্বিগ্ন শাহরুখ, কী বললেন অভিনেতা?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পঞ্জাব (Punjab Flood)। রাজ্যের প্রায় ২৩টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। এই ভয়াবহ পরিস্থিতিতে পঞ্জাবকে ‘দুর্যোগ কবলিত রাজ্য’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আবহে পঞ্জাবের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বলিউড অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে পঞ্জাবের বাসিন্দাদের জন্য প্রার্থনা করেছেন তিনি।

বুধবার এক্স হ্যান্ডেলের একটি পোস্টে শাহরুখ লিখেছেন, ‘এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্জাবের জনগণের জন্য আমার হৃদয় কাঁদছে। সকলের জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পঞ্জাবের মনোবল যেন ভেঙে না পড়ে। ঈশ্বর সকলের মঙ্গল করুন।’

পঞ্জাবের এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা। সঞ্জয় দত্ত, সানি দেওল থেকে শুরু করে ভিকি কৌশল, করিনা কাপুর খান এবং আলিয়া ভাট উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেতা সোনু সুদ একটি হেল্পলাইন চালু করেছেন এবং পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। বন্যাপীড়িতদের পাশে দাঁড়াতে দশটি গ্রাম দত্তক নিয়েছেন গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ।

এদিকে, সরকারি তথ্য অনুসারে, পঞ্জাবের ২৩টি জেলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩.৫৪ লক্ষেরও বেশি বাসিন্দা। প্রায় ১,৪০০টি গ্রাম প্লাবিত হয়েছে। সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ২০ হাজার বাসিন্দাকে। বর্তমানে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ। পাশাপাশি সবচেয়ে মৃত্যুর খবর সামনে এসেছে পাঠানকোট থেকে (Pathankot)। সেখানে প্রায় ৬ জনের মৃত্যু হয়েছে এবং এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। এরপর লুধিয়ানাতেও চারজনের মৃত্যু হয়েছে। তবে পঞ্জাবের বন্যা কবলিত ২৩টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গুরুদাসপুর। সেখানে ৩২৪টি গ্রাম জলে ডুবে গিয়েছে। ইতিমধ্যেই গোটা রাজ্যজুড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) ২৩টি দল উদ্ধারকাজ চালাচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর ১২টি দলও মোতায়েন করা হয়েছে এবং আরও আটটি দল প্রস্তুত রয়েছে। বিএসএফ এবং এসডিআরএফকেও মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, রাজ্যের পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রকে চিঠি লিখে ৬০ হাজার কোটির আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি নিজেও রাজ্যের একাধিক ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করেছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *