সামসী: বিশেষভাবে সক্ষম (শারীরিক প্রতিবন্ধী) (Specifically Abled Sufferer) এক তরুণীকে দু’বার ধর্ষণের (Sexual Assault Case) অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল মালদহের চাঁচল-২ ব্লকে। অভিযোগের তির গ্রামেরই এক বছর পঞ্চাশের ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় নির্যাতিতার পরিবার চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে বছর আঠাশের ওই তরুণী বাড়ির কাছেই একটি মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় মাঠের নির্জনতার সুযোগ নিয়ে এক প্রৌঢ় তাঁকে পাশের একটি ভুট্টা ক্ষেতের আড়ালে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। নির্যাতনের এখানেই শেষ নয়; নির্যাতিতা জানিয়েছেন, প্রায় দেড় মাস আগেও ওই ব্যক্তি একইভাবে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালিয়েছিল।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, ঘটনার কথা কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল অভিযুক্ত। সেই ভয়ে এবং লোকলজ্জার আশঙ্কায় শারীরিকভাবে অসমর্থ ওই তরুণী প্রথমে পরিবারের কাউকে কিছু বলতে সাহস পাননি। কিন্তু লাগাতার মানসিক ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষমেশ গ্রামের কয়েকজনকে বিষয়টি জানালে ঘটনার কথা প্রকাশ্যে আসে। এরপরই পরিবারের সদস্যরা পুরো বিষয়টি জানতে পারেন।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। চাঁচল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত বর্তমানে এলাকা ছেড়ে পালিয়েছে, তবে তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি, নির্যাতিতা তরুণীর স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেছে পুলিশ।
