Saraighat Specific | জৌগ্রামে সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক! কামরার নিচে গলগল করে ধোঁয়া, মাঝপথে থমকে গেল ট্রেন

Saraighat Specific | জৌগ্রামে সরাইঘাট এক্সপ্রেসে আগুন আতঙ্ক! কামরার নিচে গলগল করে ধোঁয়া, মাঝপথে থমকে গেল ট্রেন

শিক্ষা
Spread the love


বর্ধমান: হাওড়া থেকে গুয়াহাটিগামী আপ সরাইঘাট এক্সপ্রেসে (১২৩৪৫) (Saraighat Specific) চাকা থেকে ধোঁয়া বের হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার বিকেলে হাওড়া-বর্ধমান কর্ড শাখার জৌগ্রাম স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং ট্রেনটি দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা।

যাত্রী ও রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হাওড়া স্টেশন থেকে ছাড়ার পর নির্দিষ্ট গতিতেই ছুটছিল সরাইঘাট এক্সপ্রেস। কিন্তু বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ জৌগ্রাম স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের পিছনের দিকের একটি কামরার নিচ থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন লেগেছে ভেবে আতঙ্কিত যাত্রীরা চিৎকার শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ট্রেনের চালক দ্রুত জৌগ্রাম স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেন। প্রাণভয়ে অনেক যাত্রী তড়িঘড়ি ট্রেন থেকে প্ল্যাটফর্মে নেমে পড়েন।

পূর্ব রেলের (E.R) মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ট্রেনের কামরার চাকার ‘ব্রেক বাইন্ডিং’ (Brake Binding) সমস্যার কারণে ওই ধোঁয়া বের হচ্ছিল। খবর পেয়ে দ্রুত রেলের মেকানিক ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ঘণ্টাখানেক ধরে মেরামতি ও পরীক্ষা-নিরীক্ষার পর ধোঁয়া বের হওয়া বন্ধ হলে ট্রেনটিকে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে কর্ড শাখায় অন্যান্য ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি।

জৌগ্রামের বাসিন্দা মনোরঞ্জন হাওলাদার জানান, ট্রেনের কামরার নিচে চাকার অংশ থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। রেল কর্মীরা দ্রুত অগ্নিনির্বাপক ব্যবস্থা ব্যবহার করে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। আতঙ্কিত অনেক যাত্রী দীর্ঘক্ষণ লাইনের ধারে দাঁড়িয়ে থাকেন। মেরামতি শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি ছাড়লে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *