সামসী: দু’সপ্তাহ পর দুই মেয়ের বিয়ে। বিয়ে বাড়ির আনন্দ মিলিয়ে গেল বিষাদে। আগুনে ভস্মীভূত (Fireplace) হল গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পুরাতন দামাইপুর গ্রামে (Samsi)। সব হারিয়ে মাথায় হাত মনোরঞ্জনের রবিদাসের।
চাঁচল-২ ব্লকের পুরাতন দামাইপুর গ্রামের মনোরঞ্জন রবিদাসের দুই মেয়ের বিয়ে আগামী ৫ ডিসেম্বর। বিয়ের কার্ড বিলি থেকে নেমন্তন্ন সবই প্রায় হয়ে গিয়েছে। এরই মধ্যে ঘটে গেল বিপত্তি। প্রদীপের আগুনে ছারাখার হয়ে গেল গোটা বাড়ি। টাকাপয়সা থেকে সোনা গয়না, গবাদি পশু থেকে খাদ্য সামগ্রী কিছুই আর অবশিষ্ট নেই। পেশায় দিনমজুর গৃহকর্তা মনোরঞ্জন রবিদাস এবং তাঁর স্ত্রীর নাম চন্দনা রবিদাসের মাথায় হাত। কীভাবে সবটা সামলাবেন বুঝেই উঠতে পারছেন না। মনোরঞ্জন বলেন, যেভাবেই হোক দুই মেয়ের বিয়ে দিতেই হবে।
চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু মনোরঞ্জন রবিদাসের দুই মেয়ের বিয়েতে সাধ্যমতো সবরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন।
এদিকে, চাঁচল-২ ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী অসহায় ঘরপোড়া পরিবারটিকে ব্লকের ত্রাণ তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলে জানা গেছে।
