উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar Ukraine Go to)। কিয়েভে এই উচ্চপর্যায়ের বৈঠকের মাঝেই রুশ বাহিনী ড্রোন হামলা চালায় বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে ইউক্রেনীয় বিমানবাহিনীর তৎপরতায় ভারতীয় প্রতিনিধিদল নিরাপদে ছিল বলে জানান তিনি। এই সফরে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গেও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন জয়শঙ্কর।
বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় ভারতের স্পষ্ট অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। তিনি জানান, যুদ্ধ থামানোর ক্ষেত্রে ভারতের অঙ্গীকার এবং ‘এটি যুদ্ধের সময় নয়, শান্তির সময়’—এই নীতি অত্যন্ত প্রশংসনীয়। জেলেনস্কি আরও জানান, কিয়েভে ভারতীয় প্রতিনিধিদলের উপস্থিতির সময়েই ইরান-নির্মিত শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া, তবে তাঁদের বিমানবাহিনী সজাগ থাকায় প্রতিনিধিদল সম্পূর্ণ নিরাপদ ছিল। পাশাপাশি, কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ ও খাদ্য সরবরাহ করিডোরে রুশ হামলার তীব্র নিন্দা করে তিনি বিশ্বশক্তিগুলিকে খাদ্য নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
উভয় দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, যুদ্ধক্ষেত্র কোনো সমস্যার সমাধান করতে পারে না এবং এটি যুদ্ধের সময় নয়—এই অবস্থানে অনড় রয়েছে ভারত। কিয়েভে সাম্প্রতিক হামলায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্পষ্ট জানান, এই সংকটকালে ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়ে আসছে ভারত এবং ভবিষ্যতেও এই সহযোগিতা বজায় থাকবে। এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। ওষুধ, খাদ্য ও কৃষি পণ্য, সার, যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যের মতো বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইউক্রেনের বাণিজ্য বিস্তৃত হলেও, বিগত চার বছরে যুদ্ধ ও সাপ্লাই চেনের নানা চ্যালেঞ্জের কারণে তা কিছুটা ব্যাহত হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক যথেষ্ট শক্তিশালী রয়েছে বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর।

