অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) আবারও রাজকীয় প্রত্যাবর্তন ঘটল রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger)। দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে জঙ্গলে পাতা ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে পূর্ণবয়স্ক একটি বাঘের ছবি। শুক্রবার সকালে বনকর্তাদের নজরে এই ছবি আসতেই বক্সা বনদপ্তরে খুশির আমেজ ছড়িয়ে পড়ে। ২০২৩ সালের পর এই প্রথম বক্সার জঙ্গলে বাঘের অস্তিত্বের চাক্ষুষ প্রমাণ মিলল।
বক্সা টাইগার রিজার্ভের ডিএফডি (পশ্চিম) হরিকৃষ্ণনান পিজে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা ১৯ মিনিট নাগাদ ট্র্যাপ ক্যামেরায় বাঘটির ছবি ধরা পড়ে। তাঁর মতে, “বক্সার জঙ্গলে বাঘের থাকার উপযোগী পরিবেশ যে আবারও তৈরি হয়েছে, এই ছবি তারই প্রমাণ। গত কয়েক বছর ধরে বাঘের বিচরণভূমি ও খাদ্যশৃঙ্খল উন্নয়নের যে কাজ চলছিল, এটি তারই সুফল।”
বনদপ্তর সূত্রে খবর, গত ডিসেম্বর মাস থেকে বক্সার পূর্ব ও পশ্চিম দুই ডিভিশন জুড়ে প্রায় ৪০০টি ট্র্যাপ ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়েছিল। তারই একটিতে এই সাফল্য এসেছে। এর আগে ২০২১ সালে এবং সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে বক্সার জঙ্গলে বাঘের দেখা মিলেছিল। মাঝে কিছুটা বিরতির পর আবারও বাঘের দেখা মেলায় উৎসাহিত বন্যপ্রাণী বিশেষজ্ঞরা।
