উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত বিদায় নিয়ে দরজায় কড়া নাড়ছে গরম। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে ভাইরাসের প্রকোপ বাড়ে, দেখা দেয় চিকেন পক্সের মতো সমস্যাও। এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে বিশেষজ্ঞরা বিশেষ জোর দিচ্ছেন সজনে ফুলের ওপর। আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, ভিটামিন এ, বি১, বি২, বি৩ এবং সি-তে ঠাসা এই ফুল শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে ঢাল হিসেবে কাজ করে।
শুধু ভিটামিনই নয়, ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাসের ভাণ্ডার হলো এই ফুল। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পেটের গোলমাল মেটাতে এর জুড়ি মেলা ভার। এমনকি ডায়াবেটিস রোগীদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও এটি দারুণ কার্যকর। পক্সের মতো রোগের হাত থেকে বাঁচতে এই সময় ডায়েটে সজনে ফুল রাখা আবশ্যিক বলে মনে করেন বিশেষজ্ঞরা।
স্বাদে-গন্ধে সজনে ফুলের বড়া: সজনে ডাঁটার চচ্চড়ি বা ঝোল তো অনেকেই খান, তবে সজনে ফুলের মুচমুচে বড়া গরম ভাতের পাতে এক অনন্য সংযোজন। এটি বানানোও অত্যন্ত সহজ।
-
উপকরণ: পরিষ্কার সজনে ফুল, বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, আদা ও কাঁচালঙ্কা কুচি, ভাজা জিরে গুঁড়ো, কালো জিরে এবং নুন।
-
প্রস্তুত প্রণালী: প্রথমে ফুলগুলো ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার ও সব মশলা দিয়ে একটি ঘন মিশ্রণ বা ব্যাটার তৈরি করুন। এবার তাতে ফুলগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে ছোট ছোট আকারে বড়াগুলো লালচে ও মুচমুচে করে ভেজে তুলে নিন। ব্যাস, তৈরি জিভে জল আনা সজনে ফুলের বড়া।
