Rajasthan Royals | ট্রাক্টর চালকের ছেলের ‘রয়্যাল’ এন্ট্রি! আইপিএলের নেটে ১৪০ কিমি গতিতে বোলিং করবেন বাংলার তরুণ

Rajasthan Royals | ট্রাক্টর চালকের ছেলের ‘রয়্যাল’ এন্ট্রি! আইপিএলের নেটে ১৪০ কিমি গতিতে বোলিং করবেন বাংলার তরুণ

ব্লগ/BLOG
Spread the love


বর্ধমান: দারিদ্র্যের কাছে মাথা নত না করে স্বপ্নের পিছু ধাওয়া করার পুরস্কার পেলেন পূর্ব বর্ধমানের রায়নার বাঁশা গ্রামের তরুণ ক্রিকেটার সৌমেন চট্টোপাধ্যায় (Soumen Chatterjee)। আসন্ন আইপিএলে ‘রাজস্থান রয়্যালস’ (Rajasthan Royals) দলের নেট বোলার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এক ট্রাক্টর চালকের ছেলের এই সাফল্যে এখন খুশির জোয়ার রায়নার পলাশন গ্রাম পঞ্চায়েত এলাকায়।

বাঁশা গ্রামের একটি ছোট মাটির ঘরে বাস করেন সঞ্জয় চট্টোপাধ্যায় ও শ্রাবণী দেবী। সঞ্জয় বাবু পেশায় ট্রাক্টর চালক, পাশাপাশি গ্রামে পুরোহিত হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। তাঁর একমাত্র সন্তান সৌমেন বর্তমানে কলকাতার ভবানীপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তবে পড়াশোনার চেয়েও সৌমেনের বেশি টান বাইশ গজের প্রতি। অর্থাভাবে অনেকদিন খালি পেটে কলকাতায় ডালহৌসি ক্লাবে অনুশীলন করেছেন তিনি। ৫-৬ বছর দিল্লি ও মুম্বাইয়ে কঠোর পরিশ্রম করার পর অবশেষে এল কাঙ্ক্ষিত সুযোগ।

সৌমেন জানান, সম্প্রতি ভুবনেশ্বরে রাজস্থান রয়্যালসের স্পনসর সংস্থার আয়োজিত একটি ক্যাম্পে সারা দেশের সেরা প্রতিভাদের মধ্যে থেকে তিনজনকে নেট বোলার হিসেবে বেছে নেওয়া হয়েছে। সৌমেন তাঁদের মধ্যে অন্যতম। তাঁর বোলিংয়ের বর্তমান গতি প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার। আগামী ১৬ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে জয়পুরে রাজস্থান শিবিরে যোগ দেবেন।

নিজের আইডল হিসেবে শোয়েব আখতার এবং জসপ্রীত বুমরাহর নাম উল্লেখ করেন সৌমেন। তাঁর কথায়, “নেট বোলার হিসেবে শুরু করে অনেকেই আজ ভারতীয় দলে খেলছেন। আমার লক্ষ্য কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন জাতীয় দলের জার্সি গায়ে নামা।” ছেলের সাফল্যে গর্বিত বাবা সঞ্জয় বাবুও। তিনি বলেন, “আমি চাই আমার ছেলে নিজের খেলার মাধ্যমে দেশ ও বাংলার মুখ উজ্জ্বল করুক। খরচ জোগাতে আমার যতই কষ্ট হোক, আমি ওর পাশে থাকব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *