রাহুল দেব, রায়গঞ্জ: রায়গঞ্জ রেলস্টেশনের (Raiganj Station) এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে থামছে। সেখান থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্শ্ববর্তী সুলভ শৌচালয়ে যাত্রীরা ঢুকছেন। কিন্তু, এ কী! পাশাপাশি পুরুষ ও মহিলার (Ladies’s Security) জন্য সুলভ শৌচালয় থাকলেও খোলা রয়েছে শুধুমাত্র পুরুষদের শৌচালয়টিই। আরও অদ্ভুত বিষয় হল, প্রয়োজনের সময়ে বাধ্য হয়ে মহিলা যাত্রীদেরও ঢুকতে হচ্ছে সেই পুরুষ শৌচালয়েই। সূত্রের খবর, ওই শৌচালয়গুলির টেন্ডার শেষ হয়ে গেলেও ঠিক এভাবেই চালিয়ে যাওয়া হচ্ছে।
সকাল এগারোটার সময় স্টেশনে এসে দাঁড়াল রাধিকাপুর থেকে কাটিহারগামী প্যাসেঞ্জার ট্রেন। রায়গঞ্জের কিছু পুরুষ যাত্রী নেমে শৌচালয়ে ঢুকে সেখান থেকে কাজ সেরে বেরিয়ে এলেন। কিন্তু প্রতিভা রায় নামের এক মহিলা ঢুকতে গিয়েও আটকে গেলেন। পরে তিনি বলেন, ‘খুব বাথরুম পেয়েছিল। কিন্তু ঢুকতে গিয়ে দেখি পুরুষদের শৌচালয়টিই খোলা। পাশের মহিলাদের শৌচালয় বন্ধ রয়েছে। ভিতরে পুরুষদের শব্দ শুনে আর ঢুকিনি। অগত্যা বাড়ি ফিরেই কাজ সারতে হয়েছে।’ স্বর্ণালি রায় নামের অপর এক বধূর কথায়, ‘মহিলাদের শৌচালয় খোলা না থাকায় সত্যিই সমস্যার সম্মুখীন হতে হয়। এদিকে সুলভ শৌচালয়ের স্থান থেকে বিনামূল্যের শৌচালয়ের স্থান বেশ কিছুটা দূরে। তাই জরুরি অবস্থার সময় সেখানে পৌঁছানোও সমস্যার। আশা করছি, স্টেশন কর্তৃপক্ষ এই বিষয়ে শীঘ্রই পদক্ষেপ করবে।’
যদিও রায়গঞ্জ রেলস্টেশনের তরফে সরাসরি এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে মহিলা শৌচালয় দ্রুততার সঙ্গে চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রেলস্টেশন সূত্রে জানা গিয়েছে।
