কৌশিক বর্মন, পুন্ডিবাড়ি: সাত সকালে লোকালয়ে গন্ডার! বুনোর ভয়ে সিঁটিয়ে রয়েছে কোচবিহারের (Cooch Behar) পুন্ডিবাড়ি (Pundibari) এলাকার বাসিন্দারা।
শুক্রবার ভোরে কোচবিহার ২ ব্লকের পুন্ডিবাড়ি বাজার সংলগ্ন সুভাষপল্লী এলাকায় গন্ডারটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিভা কর নামে এক ষাটোর্ধ্ব বৃদ্ধা ফুল তুলতে গেলে গন্ডারের আক্রমণে জখম হন। একই সঙ্গে জখম হন দিলীপ দাস (৬০) নামে অপর এক বৃদ্ধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুন্ডিবাড়ি থানার পুলিশ (Police) ও কোচবিহার বন বিভাগের (Forest Division) ডিএফও অসিতাভ চট্টোপাধ্যায় সহ বন বিভাগের অন্যান্য আধিকারিকরা। এরপর মাইকিং করে গোটা এলাকা ফাঁকা করে দেন বনকর্মীরা। পরবর্তীতে ওই এলাকার একটি বাড়ির পেছনের জলাশয়ে আশ্রয় নেয় গন্ডারটি। দীর্ঘ প্রায় চার ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে অবশেষে গন্ডারটিকে উদ্ধার করে সেটিকে নিয়ে যাওয়া হয় চিলাপাতার জঙ্গলে। এদিকে গন্ডার দেখতে ভিড় জমান সাধারণ মানুষেরা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবারের বৃষ্টিতে পুন্ডিবাড়িতে তোর্সা নদীর জলে একটি গন্ডার ভেসে আসে। এরপর গত পাঁচ দিন ধরে সেই গন্ডারটিকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বনকর্মীরা। সেই গন্ডারটি গত কয়েক দিন ধরে ঘোকসাডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় দেখা যায়। এমনকি গন্ডারের খোঁজে চারটি কুনকি হাতি নামিয়ে তল্লাশি চালায় বনদপ্তর। অবশেষে সেই গন্ডারটি উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ।
