পাটনা: আসনরফা এবং টিকিট বণ্টন নিয়ে বিরোধী মহাজোটের অস্বস্তি যেন কাটতেই চাইছে না। আরজেডি-কংগ্রেস (RJD-Congress) নেতারা মুখে যতই জোটে সব ঠিক আছে বলে দাবি করুন, পরিস্থিতি কিন্তু অন্য। আরজেডি এবার যে টিকিট বণ্টন করেছে তাতে মধুবন আসনে মদন শা-কে প্রার্থী করা হয়নি। কেন তাঁকে টিকিট দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলে রবিবার আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বাড়ির বাইরে মদন শা রীতিমতো প্রতিবাদের ঝড় তোলেন।
দলীয় সমর্থক, অনুগামী, সাংবাদিকদের সামনে নিজের পাঞ্জাবি ছিঁড়ে রাস্তায় শুয়ে চিৎকার করে কাঁদতে থাকেন। এহেন নাটকীয় পরিস্থিতির কারণে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় লালুর বাড়ির বাইরে। তৈরি হয় জটলা। সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় মদন শা-র প্রতিবাদের ভঙ্গিমা। অভিযোগ উঠেছে, টিকিট বণ্টনের ক্ষেত্রে আরজেডিতে দুর্নীতি হয়েছে। মদন শা বলেন, ‘আমি টাকার বিনিময়ে টিকিট নিতে চাইনি বলেই আমাকে বাদ দেওয়া হয়েছে। রাজ্যসভার সাংসদ সঞ্জয় যাদবের হস্তক্ষেপে মধুবন আসনে প্রার্থী করা হয়েছে ড. সন্তোষ কুশওয়াহাকে।’ শুধু প্রতিবাদ করাই নয়, লালুর গাড়ি পাটনার বাসভবনে যখন ঢুকছিল তখন তার পিছনে ধাওয়া করেন মদন শা। তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা।
এদিকে দীপাবলি, ভাইফোঁটার পরই মগধভূমে নির্বাচনি প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ২৪ অক্টোবর থেকে বিহারে প্রচার শুরু করবেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল জানিয়েছেন, চলতি মাসের শেষে অন্তত ৪টি জনসভা করার কথা রয়েছে তাঁর। ২৪ তারিখ মোদি প্রথম সভাটি করবেন সমস্তিপুরে। ওইদিনই বেগুসরাইয়ে দ্বিতীয় সভা করবেন তিনি। ৩০ তারিখ মুজফফরপুর ও ছাপড়ায় আরও দুটি জনসভা করবেন মোদি। ২, ৩, ৬ ও ৭ নভেম্বরও বিহারে প্রচার সারবেন তিনি। এদিকে জেএমএম মহাজোট ছেড়ে বেরিয়ে আসায় আরজেডি-কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও আরজেডি নেতা তেজস্বী যাদবের ঔদ্ধত্যের কারণেই জেএমএম মহাজোট ছেড়ে বেরিয়ে এসেছে বলে খোঁচা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ৬টি আসনে প্রার্থী দিয়েছে জেএমএম। একাধিক আসনে মহাজোটের বন্ধুত্বপূর্ণ লড়াই হওয়ায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে হস্তক্ষেপ করতে বলেছেন কংগ্রেস সমর্থিত নির্দল সাংসদ পাপ্পু যাদব। বিরোধী মহাজোটে যাতে জোটধর্ম অক্ষুণ্ণ থাকে তার জন্য লালুকে নেতৃত্ব দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
