উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রিয়াংকা চোপড়া জোনাস আজ আন্তর্জাতিক তারকা। কিন্তু তাঁর এই হলিউড পাড়ি দেওয়ার নেপথ্যে কি কেবল উচ্চাকাঙ্ক্ষা ছিল? না ছিল একরাশ তিক্ত অভিজ্ঞতা? সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াংকা (Priyanka Chopra Bollywood Controversy) জানিয়েছেন, “আমার মনে হয় না, আমি কখনও বলিউড ছেড়ে যেতে চেয়েছি।”
কেন বলিউড (Bollywood) ছাড়লেন পিগি চপস?
বলিউডে কাজ করার সময় নিজেকে খুব সীমাবদ্ধ মনে করতেন প্রিয়াংকা। তাঁর কথায়, “আমি কখনওই বলিউড ছাড়তে চাইনি। কিন্তু হিন্দি ছবিতে কাজ করার সময় আমি অনেক কারণে সীমাবদ্ধ বোধ করছিলাম। শিল্পী হিসেবে আমি নতুন কিছু খুঁজছিলাম এবং পরিস্থিতি আমাকে দেশের বাইরে সুযোগ খুঁজতে বাধ্য করেছিল।” এর আগে ড্যাক্স শেফার্ডের পডকাস্টেও প্রিয়াংকা জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি আর কোণঠাসা হয়ে যাওয়ার অভিজ্ঞতাই তাঁকে আমেরিকা পাঠাতে বাধ্য করে। তিনি কোনো ‘নেপো-বেবি’ ছিলেন না বলে কোনো শক্তিশালী সমর্থনও তাঁর ছিল না।
দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় সিনেমায় ফিরছেন
২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর পর আর কোনো ভারতীয় ছবিতে প্রিয়াংকাকে দেখা যায়নি। দীর্ঘ এত বছর পর তিনি ফিরছেন ভারতের বড় পর্দায়। তবে হিন্দি নয়, দক্ষিণী মেগাস্টার মহেশ বাবুর বিপরীতে এসএস রাজমৌলির তেলুগু ছবি ‘বারাণসী’ (Varanasi) দিয়ে তাঁর এই মেগা কামব্যাক হতে চলেছে। প্রিয়াংকা বলেন, “আমি আমার ভারতীয় সিনেমাকে খুব ভালোবাসি। ‘বারাণসী’র মাধ্যমে ভারতে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত।” রাজমৌলির এই ছবিতে প্রিয়াংকাকে ‘মন্দাকিনী’ চরিত্রে দেখা যাবে।
আসছে ‘দ্য ব্লাফ’
প্রিয়াংকার হাতে এখন বড় বড় প্রজেক্ট। আগামী ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিও-তে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন হলিউড ছবি ‘দ্য ব্লাফ’ (The Bluff)। ১৯ শতকের এক নারী জলদস্যুর চরিত্রে এখানে অভিনয় করেছেন তিনি। এই ছবির জন্য চোট-আঘাত সহ্য করে নিজেই প্রায় সব স্টান্ট করেছেন প্রিয়াংকা।
