শিলিগুড়ি: ভোট আসলেই উত্তরবঙ্গ সংবাদের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতাকে হাতিয়ার করে ফায়দা লোটার চেষ্টা নতুন নয়। কখনও উত্তরবঙ্গ সংবাদের নামে ভুয়ো সমীক্ষা প্রকাশ করে কখনও বা ভুয়ো খবর (Pretend Information) যা আদৌ উত্তরবঙ্গ সংবাদ (Uttarbanga Sambad) প্রকাশ করেই নি সেই খবর তৈরি করে উত্তরবঙ্গ সংবাদের নামে চালিয়ে ফায়দা লোটার চেষ্টা হয়েছে। এক্ষেত্রে বরাবরই এগিয়ে থেকেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই সেই পুরোনো খেলা আবারও শুরু হয়েছে। এবার অন্য একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত একটি সংবাদকে ঘুরিয়ে ‘উত্তরবঙ্গ সংবাদ মাধ্যমে প্রকাশিত’ বলে নিজের ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছেন ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জন শীলশর্ম্মা। সেই খবরে বলা হচ্ছে ‘প্রথম প্রচারেই বাজিমাত রঞ্জন শীলের। নির্বাচনে জিতলেই ডাবগ্রাম-ফুলবাড়ি পাবে পৃথক পুরসভা, আশ্বাস তৃণমূল প্রার্থীর। ’ যদিও এমন কোনও খবর উত্তরবঙ্গ সংবাদে প্রকাশিত হয়নি। অতীতেও এমন প্রবণতার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, এবারও আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উত্তরবঙ্গ সংবাদ তাদের নিজের মতো করে সঠিক ও নিরপেক্ষ খবর পাঠকদের কাছে তুলে ধরতে দায়বদ্ধ। তা কারও পক্ষে যেতে পারে কারও বিপক্ষে। কিন্তু ভুয়ো খবরের মাধ্যমে জনমনে উত্তরবঙ্গ সংবাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার চেষ্টা কোনও মতেই কাম্য নয়।
